আন্তর্জাতিক ফুটবলে দেশটির আংশিক প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজারবাইজানে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্র-তে রাশিয়ার যুব দলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে রাশিয়ার ওপর যে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এবারই প্রথম সেই কঠোর অবস্থানে শিথিলতা আনল ফিফা। আজারবাইজানে হতে যাওয়া এই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বে রাশিয়ার যুব দল স্থান পেয়েছে। ৬ দলের এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে তুরস্ক, আফগানিস্তান, জিবুতি, সিয়েরা লিওন এবং সুদান।
তবে ফিফা স্পষ্ট করেছে যে, এটি মূলত তৃণমূল পর্যায়ের ফুটবলকে এগিয়ে নেওয়ার একটি অংশ। বিশ্বজুড়ে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা বা বড় টুর্নামেন্টে খেলার সুযোগ না পাওয়া দেশগুলোর মধ্যে সক্ষমতার ব্যবধান কমিয়ে আনতেই এই বিশেষ ‘ফেস্টিভাল’ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে ১৯১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই যুব বিশ্বকাপ। ম্যাচগুলো প্রচলিত ফুটবলের মতো হবে না; এগুলো ছোট মাঠে প্রতি দলে ৮ জন খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হবে। ম্যাচের সময়সীমা রাখা হয়েছে ২০ মিনিটের দুটি অর্ধে (মোট ৪০ মিনিট)। তবে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ইউক্রেন, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এতে অংশ নিচ্ছে না।
এদিকে, জুনিয়র পর্যায়ে এই সুখবর পেলেও সিনিয়র ফুটবলে রাশিয়ার জন্য সুখবরের পথ এখনো রুদ্ধ। রাশিয়ার মূল জাতীয় দল ও তাদের ক্লাবগুলোর ওপর ফিফা ও উয়েফার আরোপিত নিষেধাজ্ঞা পূর্বের মতোই বহাল থাকছে। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সাফ জানিয়ে দিয়েছেন, সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত সিনিয়র ফুটবলে রাশিয়ার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই।
সূত্র- গোলডটকম


