শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
29 C
Dhaka
Homeখেলাসাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান

সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৬ ৮:১৯

জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’

দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।

গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।

এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি।

উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর