গত আসরে রেকর্ড দামে দল পেয়েও শেষ পর্যন্ত খেলতে না পারার তিক্ত অভিজ্ঞতা এবং দেশে সম্ভাব্য প্রতিক্রিয়ার শঙ্কা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আইপিএলে নাম না দিলেও আগামী মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, গত আসরের ঘটনা মোস্তাফিজের মনে এখনো তাজা। নিলামে অবিক্রীত থাকলে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং সমর্থকদের কাছে তাকে লোভী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা ছিল। মূলত সেই শঙ্কা থেকেই মিনি নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার।
আইপিএল ২০২৬-এর নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে তাকে দলে টানার পর থেকেই ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ শুরু করে। উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সিং শোম কেকেআর মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন এবং মোস্তাফিজকে বিমানবন্দর থেকে বের হতে না দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে একাধিক সংগঠনের চাপ ও সৃষ্ট উত্তেজনার মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।
ওই ঘটনার জেরে সৃষ্ট রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ; পরে ওই আসরে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।
গত আসরে মাঠে নামার সুযোগ না পেলেও এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০১৬ সালে আইপিএলে অভিষেক আসরেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান তিনি, যা এখন পর্যন্ত একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছেন তিনি। এই বাঁহাতি পেসার আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন।
আইপিএলের নিলামে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন মোস্তাফিজ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। পাশাপাশি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন এবং পিএসএলেও লাহোর কালান্দার্সের ডেরায় ফেরার অপেক্ষায় রয়েছেন।


