Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
25 C
Dhaka
Homeজাতীয়হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে ফেরত পাঠানোর আহ্বান

হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে ফেরত পাঠানোর আহ্বান

আপডেট: December 14, 2025 9:46
প্রকাশ: December 14, 2025 9:43

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ঢাকা। 

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ আহ্বান জানানো হয়।

এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ করে ঢাকা। এসব বিষয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগের কথা তুলে ধরা হয়।

শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুততার সঙ্গে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

এর আগে, দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ (খুব কাছ) থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। এরপর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। সেখানে থেকে গুরুতর অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

হাদির চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড সবশেষ জানিয়েছে, ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে বেড়েছে, যা বেশ উদ্বেগজনক।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম জানান, ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে। সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

এছাড়া বিএনপি-জামায়তসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি হাদির ওপর গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর