Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
23 C
Dhaka
Homeআন্তর্জাতিকইরানের হামলায় বাহরাইনের শিল্পকারখানায় আগুন

ইরানের হামলায় বাহরাইনের শিল্পকারখানায় আগুন

প্রকাশ: November 22, 2026 8:08

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় স্থাপনাটির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, আল জাজিরা।

শনিবার (২১ নভেম্বর) বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গভীর রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা। তবে হামলার শিকার স্থাপনাটির নাম বা অবস্থান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। সে সময় হুমকির বিষয়ে বিস্তারিত না জানিয়ে বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় মন্ত্রণালয়।

এদিকে হামলার পর দেয়া এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালিয়েছে তারা। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করারও দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের জবাবে চালানো হয়েছে এ অভিযান। আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে হামলা চালায়।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘনের ধারাবাহিকতার জবাব দেয়ার পাশাপাশি দেশটির হাঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতেও ওই অভিযান চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে এবং সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ইরনা। ওই সংবাদমাধ্যমের দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বারবার দেখা দেয়া ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বারবার হামলা হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে তিনটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোও তেহরানের হামলার শিকার হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর