Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
24 C
Dhaka
Homeআন্তর্জাতিকইরান কেন উপসাগরীয় অঞ্চলে হামলা বৃদ্ধি করলো

ইরান কেন উপসাগরীয় অঞ্চলে হামলা বৃদ্ধি করলো

প্রকাশ: November 22, 2026 10:26

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

গত এক সপ্তাহ ধরে উপসাগরীয় অঞ্চলে হামলা জোরদার করেছে তেহরান। এর মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা ও মার্কিন ড্রোন ভূপাতিত করার মতো ঘটনাও রয়েছে।

গত সাত দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এসব হামলার ফলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের প্রেক্ষাপটে তার দেশ এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করার পরই এই হামলা বৃদ্ধির ঘটনা ঘটল।

এখন প্রশ্ন উঠেছে, ইরানের এই সাম্প্রতিক হামলা বৃদ্ধির পেছনে মূল কারণ কী এবং এর ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হবে, নাকি বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টিকারী এই যুদ্ধ বন্ধে উভয় পক্ষ আলোচনায় বসতে বাধ্য হবে?

সাম্প্রতিক হামলাগুলো কোথায় হয়েছে?

সাম্প্রতিক দিনগুলোতে ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বাহরাইন। শনিবার (২১ নভেম্বর) মানামা জানায়, ইরানের হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ও সেখানে আগুন ধরে যায়। তবে ওই দিন আরও কয়েকটি হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটি।

আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালিয়েছে এবং ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মানামার কাছে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করে।

আইআরজিসির দাবি, ইরানের হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এছাড়া মার্কিন এমকিউ-১ এবং এমকিউ-৯ নজরদারি ও যুদ্ধ ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাব হিসেবেও এসব হামলাকে ন্যায্যতা দিয়েছে তেহরান। কয়েক সপ্তাহের বিরতির পর গত কয়েক দিনে বাহরাইনে তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, শনিবার দেশটির সেনাবাহিনী দাবি করেছে- আগের সন্ধ্যায় উপসাগরীয় অঞ্চলের আকাশে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করে বলেছে, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদ ও অক্ষত রয়েছে।’

রোববার (২২ নভেম্বর) ইরানি বাহিনী হরমুজ প্রণালির পূর্ব দিকে আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আইআরজিসি জানায়, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভূপাতিত হয়েছে চারটি।

এদিকে ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ ওমানের কাছে হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। তেহরানে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার জানান, ১৪ নভেম্বরের পর থেকে ট্যাংকারে হামলার ঘটনা তীব্রভাবে বেড়েছে ও গত এক সপ্তাহে এমন অন্তত ২৫টি ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ইরানি সেনাবাহিনী কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার দাবিও করেছিল। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণে থাকা কেশম দ্বীপে মার্কিন হামলার পর ওই আক্রমণ চালানো হয়।

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানিতে কেমন প্রভাব পড়ছে?

ইরানের প্রায় প্রতিদিনের হামলার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্যমতে, ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ এবং তার আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম। শুক্রবার সংস্থাটি জানায়, ওই জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার ছিল ৩৭টি, যা আগের সপ্তাহে ছিল ৫২টি। তবে ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন বহরের অংশ হিসেবে চলাচলকারী জাহাজগুলো আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত না থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩৫টি জাহাজ চলাচল করত।

গত সপ্তাহে মার্কিন মেরিটাইম সংস্থা সতর্ক করে জানায়, ইরানের অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে জাহাজের বিমা প্রিমিয়াম ব্যাপকভাবে বেড়ে গেছে। যুদ্ধের আগে বিমা হার ০.১০ থেকে ০.২৫ শতাংশ থাকলেও বর্তমানে তা বেড়ে ৩.৫ থেকে ৭.৫ শতাংশে দাঁড়িয়েছে।

অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর বর্তমানে ৮৩ ডলারে স্থিতিশীল হয়েছে, যা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এখনো ১৫ ডলারের বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার জানিয়েছে, এই সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে এ পর্যন্ত মোট ২৮০ কোটি ব্যারেল তেল এবং ছয় হাজার কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তবে সংস্থাটি এও বলেছে, এই সংকটের জবাবে সরকারগুলো যদি বিদ্যুতায়ন, জ্বালানি দক্ষতা ও বিকল্প জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ায়, তবে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমে যেতে পারে।

ইরান কেন হামলা বাড়াচ্ছে?

হামলা বাড়ানোর পাশাপাশি ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র অথবা কূটনীতির যেকোনো একটি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরান এই সংঘাতে তাদের কৌশলগত চাপ প্রয়োগের ক্ষমতা ব্যবহার করছে ও এই বার্তা দিচ্ছে যে- যুদ্ধ বন্ধ না হলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের এর মাশুল গুনতে হবে।

আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের পাবলিক পলিসি ফেলো এবং আরব সেন্টার ওয়াশিংটন ডিসির অনাবাসিক সিনিয়র ফেলো রামি খুরি আল জাজিরাকে বলেন, এই হামলার লক্ষ্য হলো অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতা দুর্বল করা এবং ‘যুদ্ধের যন্ত্রণা পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়া, যা উচ্চ পরিবহণ খরচ ও নিত্যপণ্যের সরবরাহ সংকটের মাধ্যমে পরোক্ষভাবে বিশ্ব অর্থনীতিকেও আঘাত করবে।’ তিনি আরও বলেন, ইরানের এই কৌশলের পেছনে সবচেয়ে বড় কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের শিকার হয়ে তারা আর ‘একা ভুগতে’ চায় না। তেহরান আশা করছে, যুক্তরাষ্ট্র যে নিজের বা তার আরব মিত্রদের স্থাপনা রক্ষা করতে অক্ষম, তা প্রমাণ করতে পারলে আরব সরকারগুলো যুদ্ধ বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করবে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ইরানি গণমাধ্যমকে বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধকে তিনি ‘যুদ্ধের শামিল’ বলে মনে করেন। তিনি বলেন, ‘আমরা এই অর্থনৈতিক অবরোধকে একটি শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করি এবং এই অবরোধ ভাঙতে আমরা যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা কতটুকু?

কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি মনে করেন, ট্রাম্প হয়তো কোনো চুক্তিতে না গিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় ঘোষণা করে সরে আসার পথ বেছে নিতে পারেন। তবে ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখলে তা নতুন করে সামরিক সংঘাত উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করবে।

আল জাজিরাকে পারসি বলেন, ওয়াশিংটনে যুদ্ধ ব্যর্থ হয়েছে- এমন বার্তা দেয়, এমন কোনো চুক্তি ট্রাম্প সম্ভবত মেনে নেবেন না। তিনি বলেন, ‘তিনি যদি অবরোধ চালিয়ে যান, তবে সংঘাত আরও বাড়বে।’ কারণ অব্যাহত অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ইরান পাল্টা জবাব দেওয়া থেকে বিরত থাকবে না। পারসির মতে, নতুন সংঘাত এড়িয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলে ট্রাম্পকে ‘ধীরে ধীরে, সম্ভবত অগোচরে অবরোধ ও কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরান ট্রাম্পের সামনে একটি ‘দ্বিমুখী’ বা সুনির্দিষ্ট বিকল্প তুলে ধরছে। ওয়াশিংটন যদি তেলবাহী ট্যাংকারগুলোকে চলাচল করতে দেয়, তবে কোনো চুক্তি বা যুদ্ধ ছাড়াই মার্কিন অবরোধের অবসান ঘটবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি জাহাজগুলোতে হামলা চালায়, তবে তাদের এমন ‘ইরানি জবাবের’ মুখোমুখি হতে হবে, যা এড়ানো ট্রাম্পের জন্য কঠিন হয়ে পড়বে।

অন্যদিকে শনিবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী’ চুক্তি করার পরিকল্পনা তার রয়েছে, যা দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনে তিনি কখনোই খুব একটা আগ্রহী ছিলেন না এবং দেশটির নতুন নেতৃত্বকে তিনি ‘অপেক্ষাকৃত যুক্তিবাদী’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর