Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
24 C
Dhaka
Homeখেলাসিমন্স চান বোলিংয়ের লাইন-লেংথে উন্নতি

সিমন্স চান বোলিংয়ের লাইন-লেংথে উন্নতি

প্রকাশ: November 22, 2026 10:12

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে বোলিংয়ের লাইন-লেংথে উন্নতির ওপর জোর দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম টেস্টে প্রতিপক্ষ ব্যাটারদের যথেষ্ট চাপে রাখতে না পারার বিষয়টি বড় দুর্বলতা হিসেবে দেখছেন তিনি। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সেই ঘাটতি কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ।

প্রথম টেস্ট থেকে কী শিক্ষা নিয়েছে দল এবং দ্বিতীয় ম্যাচে কী ধরনের উন্নতি দেখতে চান, এমন প্রশ্নে সিমন্স  বলেন, ‘আমরা প্রতিপক্ষকে যে লাইন-লেংথে বল করেছি, সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের মনে হয়েছে, ব্যাটারদের যথেষ্ট বল খেলতে বাধ্য করতে পারিনি। এ জায়গায় উন্নতি করতে হবে। অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে আরও বেশি বল করতে হবে, যেন ব্যাটারদের খেলতে হয়।’

প্রথম টেস্টে ব্যাটিংয়ে অবশ্য ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ কোচ। ১২০ রানে ৫ উইকেট হারানোর পরও প্রথম ইনিংসে ৪০০ রান তোলাকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। ব্যাটারদের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বোলিং বিভাগকে আরও কার্যকর করার প্রত্যাশা সিমন্সের।

দ্বিতীয় টেস্টে একাদশ কেমন হবে, তা এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে সাতজন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে মাঠে নামলেও এবার বোলিং আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেঞ্চুরিয়ানের উইকেটে চার পেসার খেলানোর পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে সিমন্স জানান, উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

তিনি বলেন, ‘এখনো একাদশ চূড়ান্ত করিনি। উইকেট দেখার পর সিদ্ধান্ত নেব। এখানে অন্য দলগুলো চার পেসার নিয়ে খেলেছে, তবে সেটি তাদের দলের ভারসাম্য ও শক্তির ওপর নির্ভর করে। বাংলাদেশের জন্য কোন সমন্বয়টা কার্যকর হবে, সেটিই আমাদের দেখতে হবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রভাবেও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন দেখছেন সিমন্স। তার মতে, পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান এবং সাম্প্রতিক পারফরম্যান্স দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে টেস্ট নিয়ে নতুন আগ্রহ তৈরি করেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘এটি বড় প্রভাব ফেলেছে। গত তিন-চার সপ্তাহ ধরে আমরা চতুর্থ স্থানে ছিলাম। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যা ঘটেছে, তাতে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের গুরুত্ব ও পরিচিতি বেড়েছে। ছেলেরা যেভাবে খেলছে, তা প্রমাণ করে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যায়নি। মানুষ আবার টেস্ট ক্রিকেট দেখতে আসছে এবং আমাদের ভালো করতে দেখতে চাইছে।’

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের জয়-পরাজয়ের হিসাব নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। গত নয় ম্যাচে মাত্র একটি জয় পেলেও সিমন্সের লক্ষ্য প্রতিটি ম্যাচেই জয়ের জন্য খেলা। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের বাকি তিন ম্যাচের দুটি দেশের মাটিতে। ঘরের মাঠের ম্যাচগুলো জেতার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতেও ভালো করার প্রত্যাশা তার।

সিমন্স বলেন, ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমাদের আর তিনটি ম্যাচ বাকি, যার দুটি দেশের মাটিতে। আমরা সব সময়ই ঘরের মাঠে ম্যাচ জেতার চেষ্টা করি। এই ম্যাচটি কঠিন হবে, কারণ আমরা দেশের বাইরে খেলছি। তবে আমরা দেখিয়েছি, সঠিকভাবে খেলতে পারলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলিংয়ে নিজেদের পরিকল্পনা ঠিক রাখতে পারলে এবং ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভালো কিছু সম্ভব। আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই এবং কীভাবে সেটি সম্ভব, তা নিয়েই নিয়মিত আলোচনা করছি।’

প্রথম টেস্টের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বোলারদের সঠিক লাইন-লেংথ বজায় রাখা এবং ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই।

তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না। হাসান মাহমুদ প্রথম টেস্টের পরই ছিটকে গেছেন। তাদের জায়গায় শরিফুল ইসলাম ও জাকের আলীর দলে ঢোকার সম্ভাবনা প্রবল। এছাড়া ম্যাচে চার পেসার নিয়েও খেলতে পারে। মিরাজের জায়গায় দলে আসতে পারেন খালেদ আহমেদ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর