শনিবার (২১ নভেম্বর) রাতে পাভেলের বাসার সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নির্ঝর। এ সময় তিনি জানান, গত ১২ তারিখ থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পাভেল।
একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে উপস্থিত না হওয়ার কারণে ছোটপর্দার আলোচিত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে আর্থিক ক্ষতির অভিযোগ তুললেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। তার দাবি―পাভেলের অনুপস্থিতি ও বারবার শিডিউল পরিবর্তনের জন্য পুরো শুটিং পরিকল্পনা ভেস্তে গেছে তাদের। এতে অন্তত ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন তিনি। এ কারণে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি এমন অপেশাদার আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন নির্মাতা নির্ঝর।
গত ১৫ তারিখ ধারাবাহিকটির প্রথম পর্বের বিয়ের দৃশ্যের শুটিং নির্ধারিত ছিল। ওইদিন ১৫ জন সিনিয়র শিল্পী ও ইনফ্লুয়েন্সারসহ পুরো টিম উপস্থিত থাকার পরও পাভেল আসেননি। পরে সে পারিবারিক সমস্যার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করায় বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায়। এ কারণে কোনো ক্ষতিপূরণও নেয়া হয়নি। একই সেটে এর ক’দিন পর টানা দুই দিন শুটিং করলেও শনিবার আবার অনুপস্থিত থাকেন পাভেল।
‘হাঙ্গামা’ নির্মাতা বলেন, আমার ১৭ বছরের ক্যারিয়ারে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। পাভেলের দুই দিনের অনুপস্থিতিতে সেট ও অভিনয়শিল্পীদের জন্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারাবাহিকের ধারাবাহিকতা নষ্ট হওয়ার কারণে পুরো প্রজেক্টে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
তার ভাষ্যমতে―প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম ও দশম পর্বে পাভেলের দৃশ্য থাকার কারণে সেসব আবার শুটিং করতে হবে। একক নাটকের মতো সহজে এ পরিস্থিতি এখন সামাল দেয়া সম্ভব নয়।
নির্মাতা নির্ঝরের অভিযোগ, বেলা ১১টা থেকে রাত ১টা পর্যন্ত শতাধিকবার ফোন করার পরও পাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। তার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতেও সাড়া মেলেনি। সহকারী পরিচালক নূর সকাল থেকে পাভেলের বাসার সামনে অপেক্ষা করছিলেন। শুটিংয়ে নেয়ার জন্য গাড়িও প্রস্তুত রাখা হয়েছিল। সেট রেডি করে তাকে ভিডিও পাঠানো হয়েছিল। তাতেও কোনো উত্তর মেলেনি। ফোন বন্ধ ছিল না, চালুই ছিল। কিন্তু সে ফোন ধরেনি। আবার অনলাইনে ছিল, মেসেজ সিন করেছে। এসবের প্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।
এদিকে এ ঘটনা এরইমধ্যে ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টরস ইকুইটি ও সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নির্ঝর। পাভেলের সঙ্গে ভবিষ্যতে আর কাজ করবেন না বলেও জানিয়েছেন নির্মাতা। তবে এসব অভিযোগের ব্যাপারে গণমাধ্যম থেকে অভিনেতা পাভেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে নির্মাতার অভিযোগের ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি পাভেলের।


