রোববার (২৪ মে) আইভোরি কোস্টের বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালিয়ে হামজা মাত্র ৬৫ বলে অপরাজিত ১৬৪ রানের এক মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ৯টি চার এবং ১৫টি বিশাল ছক্কা।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যারন ফিঞ্চের। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন। হামজা টপকে গেলেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইকে, যিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬২* রানের ইনিংস খেলেছিলেন।
১৬৪ রানের ইনিংসে ১৫টি ছক্কা মেরেও একটি রেকর্ড গড়েছেন হামজা। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। এই তালিকায় ১৮ ছক্কা নিয়ে সবার উপরে রয়েছেন এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহান।
হামজা খানের ব্যাটে ভর করে রুয়ান্ডা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে পাহাড়সম ২৮৮ রান সংগ্রহ করে। হামজা ছাড়াও দিদিয়ের এনডিকুবিমানা ৪৫ বলে ৬৯ এবং ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে অপরাজিত ২৬ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে আইভোরি কোস্টের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১৫.২ ওভারে মাত্র ১৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রতিপক্ষের ১০ নম্বর ব্যাটার ওয়াটারা উসিফ সর্বোচ্চ ৫ রান করেন। রুয়ান্ডার বোলারদের তোপের মুখে আইভোরি কোস্টের চারজন ব্যাটার শূন্য রানে এবং বাকিরা নূন্যতম রানে সাজঘরে ফেরেন।
হামজা খানের এই অসামান্য কীর্তি এবং দলীয় এই বিশাল জয় টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে নিশ্চিতভাবেই একটি বিশেষ জায়গা করে নিল।


