মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeজেলার খবরন্যায্যমূল্যে ডিম-দুধ-মাংস পাবে ১০ লাখ পরিবার 

ন্যায্যমূল্যে ডিম-দুধ-মাংস পাবে ১০ লাখ পরিবার 

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:১৩

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জেলায় প্রচলিত বাজারদরের চেয়ে কম মূল্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে।

মূলত নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রমজানে তাদের প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়।

তিনি বলেন, সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ধারিত দামে প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এ ছাড়া পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে বসে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক মো. শাহজামান খান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর