শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার জ্যেষ্ঠ পুত্র। তিনি ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহরম আলী প্রতিদিনের মতো ঘটনার দিনও ফার্মে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রাত ৯টার দিকে বিষয়টি স্থানীয় ও সহকর্মীদের নজরে এলে দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান বলেন, “বিদ্যুৎপৃষ্ঠ মুহরম আলী নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। রোগীর স্বজনরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেও তিনি কথা বলছিলেন। ধারণা করা হচ্ছে, পথেই তাঁর মৃত্যু হয়েছে।”


