Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
28 C
Dhaka
Homeশিক্ষাহাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ: April 30, 2024 2:08

চলমান দাবদাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি।

রমজান, ঈদুল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে সাতদিনসহ মোট ১ মাস ৩ দিনের ছুটি শেষে রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার নতুন করে ২৭ জেলার স্কুল-মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গতকাল সোমবার হাইকোর্টের আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আপিল করার কথা জানান। ওইদিন শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হবে?

সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি নেই, তীব্র গরমের কারণে এ ধরনের প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য থাকলে নির্ধারিত সময়সূচিতে পরীক্ষা নেওয়া যাবে বলেও জানান এ আইনজীবী।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর