বলিউডের আলোচিত অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একটি চেক বাউন্স মামলায় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মোরাদাবাদের একটি আদালত এই রায় প্রদান করেছেন। একাধিক সমন থাকার পরও আদালতে হাজির না হওয়ার পর তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন আদালত।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় নিজের বক্তব্য তুলে ধরেছেন আমিশা। তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বিতর্কের জবাবে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেছেন। এতে দাবি করেছেন―বিষয়টি বেশ পুরোনো এবং অনেক বছর আগেই তা নিষ্পত্তি হয়েছে।
আমিশা বিবৃতিতে স্পষ্ট করেছেন, ইভেন্ট আয়োজক পবন ভার্মা একটি নিষ্পত্তি দলিলে স্বাক্ষর করেছেন এবং ১৪ লাখ ৫০ হাজার টাকা বুঝে পেয়েছেন তিনি। বিষয়টি নিষ্পত্তির পরও নতুন করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
বলিউড তারকা জানিয়েছেন, তার আইনজীবীরা অভিযোগকারীর বিরুদ্ধে প্রতারণার জন্য উপযুক্ত ফৌজদারি মামলার কাজ শুরু করেছে। যাতে মিথ্যা প্রতিরোধ করা যায়। আরও জানিয়েছেন, তিনি পেশাদার প্রতিশ্রুতিতে মনোনিবেশ করতে পছন্দ করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। অনুষ্ঠানের আয়োজক ছিলেন পবন ভার্মা। তার অভিযোগ ছিল, আমিশা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে চুক্তি করেছিলেন। এ জন্য তাকে ১৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিমও দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত দিন অভিনেত্রী অনুষ্ঠানে আসতে পারেননি।
আয়োজক আরও জানান, এ ঘটনায় তাকে ১০ লাখ টাকা নগদ ফেরত দেয়া হয়েছিল। তবে বাকি সাড়ে ৪ লাখ টাকার জন্য প্রদান করা একটি চেক বাউন্স হয়। এ ব্যাপারে অভিযোগের পর আমিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। কিন্তু অভিনেত্রী কয়েকবার আদালতে হাজির হতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়।


