বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬
21 C
Dhaka
Homeবিনোদনবিতর্কের অবসান, ক্যামেরার ফোকাসে ‘কল্কি ২

বিতর্কের অবসান, ক্যামেরার ফোকাসে ‘কল্কি ২

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:৪৬

দীর্ঘ প্রতীক্ষা, কাস্টিং নিয়ে নানা জল্পনা আর বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির ঠান্ডা লড়াই— সব বিতর্ককে পেছনে ফেলে অবশেষে হায়দরাবাদে শুরু হলো ‘কল্কি ২৮৯৮ এডি’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়ালের শুটিং। তবে শুটিং শুরুর খবরের চেয়েও সিনেমা প্রেমীদের কাছে বড় চমক হয়ে দাঁড়িয়েছে এক ঐতিহাসিক পুনর্মিলন। দীর্ঘ ৪০ বছর পর একই সেটে মুখোমুখি হলেন ভারতীয় চলচ্চিত্রের দুই স্তম্ভ— অমিতাভ বচ্চন এবং কমল হাসান।২০২৫ সাল জুড়েই ‘কল্কি ২’-এর কাস্টিং নিয়ে সরগরম ছিল টিনসেল টাউন। দীপিকা পাড়ুকোনের ওপর ওঠা অপেশাদারিত্বের অভিযোগ থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন— বারবার নেতিবাচক আলোচনার কেন্দ্রে এসেছিল এই ছবি। কিন্তু পরিচালক নাগ অশ্বিন যখন হায়দরাবাদে নতুন করে ক্যামেরা চালু করলেন, তখন সব নেতিবাচকতা ধুয়ে মুছে গেল দুই কিংবদন্তির উপস্থিতিতে।

শুটিং সেট থেকে অমিতাভ বচ্চন নিজেই তার ব্লগে সেই মাহেন্দ্রক্ষণের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অশ্বত্থামার লুকে থাকা অমিতাভকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরছেন সুপ্রিম ইয়াসকিন থুড়ি কমল হাসান। আবেগঘন অমিতাভ লিখেছেন,

“দ্য গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা। ‘গিরাফতার’-এর পর ফের একসঙ্গে কাজ করব আমরা।”

সর্বশেষ ১৯৮৫ সালে ‘গিরাফতার’ ছবিতে এই দুই তারকাকে একসঙ্গে পর্দা ভাগ করতে দেখা গিয়েছিল। চার দশক পর আবারও তাদের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।

প্রথম কিস্তিতে অমিতাভ এবং কমল হাসান উভয়ই থাকলেও, তাদের একফ্রেমে দেখা যায়নি। নাগ অশ্বিনের এবারের গল্প কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পরের সময়কে কেন্দ্র করে। যেখানে সুপ্রিম ইয়াসকিনের (কমল হাসান) অশুভ পরিকল্পনা থেকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়াবেন চিরঞ্জীবী অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)। সিক্যুয়ালে এই দুই শক্তির সরাসরি সংঘাতই হবে মূল আকর্ষণ।

চলচ্চিত্র বোদ্ধাদের মতে, ‘কল্কি ২’ কেবল একটি সিনেমা নয়, এটি ভারতীয় সিনেমার উত্তর ও দক্ষিণের সেতুবন্ধনের এক অনন্য নিদর্শন হতে চলেছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর