বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
22 C
Dhaka
Homeবিনোদনবাবার খোঁজ চেয়ে অভিনেত্রী মেঘলা মুক্তার ফেসবুকে আকুতি

বাবার খোঁজ চেয়ে অভিনেত্রী মেঘলা মুক্তার ফেসবুকে আকুতি

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ১০:৪৭

ঢালিউড ও মডেলিং জগতের পরিচিত মুখ মেঘলা মিজান মুক্তার বাবা নিখোঁজ হয়েছেন।

বাবার কোনো সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী। তার বাবা অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘলা জানান, তার বাবা আজ রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ তার সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। প্রায় সাত ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি।

পোস্টে মেঘলা লেখেন, তার বাবা ভীষণ অসুস্থ। তাকে খুঁজে পেতে উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নেয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। অভিনেত্রী আরও জানান, ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার বাবার ছবি সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এরপরও কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ বাড়ছে পরিবারের।

ফেসবুক পোস্টে মেঘলা সবার কাছে অনুরোধ জানিয়ে বলেন, কেউ তার বাবাকে কোথাও দেখে থাকলে কিংবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্য জানলেও যেন দ্রুত যোগাযোগ করেন। একটি তথ্য বা সামান্য সহযোগিতাও তাঁর বাবাকে খুঁজে পেতে বড় ভূমিকা রাখতে পারে।

বাবার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি লেখেন, পরিবারের সদস্যরা প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন। আল্লাহ যেন তার বাবাকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন, সেই প্রার্থনাও করেছেন অভিনেত্রী। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে ০১৮০৬৮৮৭৫৭০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মেঘলা।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মেঘলা মুক্তা পরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর