সোমবার, আগস্ট ১০, ২০২৬
সোমবার, আগস্ট ১০, ২০২৬
33.9 C
Dhaka

আপিলের তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা ব্যক্তিদের মধ্যে আরও ৬১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে ৩ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন।

মঙ্গলনার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের মতো আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ ৯৮টি আপিলের শুনানি হয়। পরে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।

এর আগে, সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন।

আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

ভারতকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

0

আজান আওয়াইসের দারুণ সেঞ্চুরিতে আট উইকেটের বড় ব্যবধানে ভারত যুব দলকে হারিয়েছে পাকিস্তান যুব দল। দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘এ’র ম্যাচে মোহাম্মদ জিশানের বোলিং নৈপুণ্যে ৯ উইকেটে ২৫৯ রান করে ভারত। জবাবে ৩ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে পাকিস্তান। যুব দলের খেলায় পাকিস্তানের এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

এদিন টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাদ বেগ। খুব স্বস্তিতে ব্যাটিং সারতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ওপেনার আদর্শ সিং ৬২ ও অধিনায়ক উদয় সাহারান ৬০ রান করেন। এছাড়া শচিন ধাস করেন ৫৮ রান। পাকিস্তানের মোহাম্মদ জিশান মাত্র ৪৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। দুটো করে উইকেট পান আমির হাসান ও উবাইদ শাহ।

২৬০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই হোচট খায় পাকিস্তান। শামিল হুসেইন ফেরেন মাত্র ৮ রান করে। তবে সেখান থেকে ১১০ রানের জুটি গড়েন আজান ও শেহজাইব খান। ৬৩ রানে শেহজাব ফিরলেও অধিনায়ক সাদের সঙ্গে আরেকটি শতরানের জুটি গড়েন আজান। তুলে নেন দারুণ একটি সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০ চারে ১৩০ বলে ১০৫ রান করে থাকেন অপরাজিত। সাদের ব্যাট থেকে আসে ৫১ বলে অপরাজিত ৬৮ রান। ভারতের হয়ে দুটি উইকেটই পান মুরুগান অভিষেক।

দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে পাকিস্তান। ভারত আছে দুইয়ে। গ্রুপের অন্য ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ কর্মসূচি ঘোষণা দেন।

এটিএম মাছুম বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচি পালনকালে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। ১০ ডিসেম্বর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী যাত্রাবাড়ীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি শেষে পুলিশ অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা করে টিয়ারসেল ও গুলিবর্ষণ করে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এ ছাড়া, পুলিশ দিনাজপুর, বরগুনা ও নাটোর থেকে তিন জন মহিলাসহ ২৮ জনকে গ্রেপ্তার করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পুলিশের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা পুলিশের মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি।

ভারত থেকে আসছে আরও ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ

0

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আরও ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরইমধ্যে ভারতে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (১০ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতীয় দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। বেসরকারি খাতের ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির এলসি খোলা আছে। সেগুলো যাতে ছাড়া হয় সে বিষয়ে তাদের অনুরোধ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ে এসব পেঁয়াজ দেশে আসবে।

এছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ভারত থেকে আমদানির লক্ষ্যে ঋণপত্র (এলসি) খোলা ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজের মধ্যে ১৬ হাজার টন ইতোমধ্যে দেশে এসেছে। বাকি ৩ হাজার ৪০০ মেট্রিক টন পেঁয়াজ দ্রুত ছাড় করিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানান হায়দার আলী।

এর আগে গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রেক্ষিতে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এই নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এই পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে শোকজ

0

নির্বাচনী জনসভায় অংশগ্রহণ সরকারি প্রটোকলে করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের (মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা) নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন রোববার (১০ ডিসেম্বর) এ কারণ দর্শানোর নোটিশ দেন।

ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ২০১৪ ও ২০১৮ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে এ আসনটিতে জয়লাভ করেছিলেন। ২০১৮ সালের নির্বাচেন জয়লাভ করে আওয়ামী লীগ সরকার গঠনের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ফরহাদ হোসেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, গেল ৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজার শোলমারি বাজারের বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন ফরহাদ হোসেন। সেখানে তিনি সরকারি গাড়িতে ও পুলিশ প্রটোকল নিয়ে উপস্থিত হন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) লঙ্ঘন।

উপরোক্ত বিষয়ে স্বশরীরে অথবা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে।

প্রসঙ্গত, সরকারি প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী নিষিদ্ধ।

আবাসিক হলে রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু!

0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফুয়াদ আল খতিব নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের মেঘনা ব্লকের ১৮৪ নম্বর কক্ষ থেকে ফুয়াদের লাশ উদ্ধার করেন আবাসিক শিক্ষার্থীরা।

তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান, গতকাল রাতে বাড়ি থেকে ফিরে হলকক্ষে অবস্থান করছিলেন ফুয়াদ। কিন্তু দুপুর পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় শিক্ষার্থীরা দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং তাকে ডাকেন। কিন্তু কোন সাড়াশব্দ পাওয়া না গেলে এবং শরীর ঠান্ডা দেখে আমাকে জানান। তখন আমি ঘটনাস্থলে যাই এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ শিক্ষার্থী সিঙ্গেল কক্ষে থাকতেন। তার কক্ষের দরজা খোলা ছিল এবং মুখ দিয়ে রক্ত পরছিল। আশপাশের কক্ষের কোন শিক্ষার্থীও তার মৃত্যুর বিষয়ে কিছু জানে না। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান প্রাধ্যক্ষ।

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত শিক্ষার্থী ফুয়াদ বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তার পিতার নাম আমিনুল ইসলাম। ৯ ডিসেম্বর রাতে প্রাইমারী নিবন্ধন পরীক্ষা শেষ করে বাড়ি থেকে ফিরেছেন তিনি। তারপর থেকে কক্ষেই ঘুমাচ্ছিলেন। দুপুর ৩টার দিকে দরজা খুলে কক্ষে প্রবেশ করে মৃত্যু অবস্থায় তাকে পাওয়া যায়। তার মুখ দিয়ে রক্ত পড়ছিল ও শরীরে লাল দাগ ছিল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের ডিসি মধুসূদন রায় জানান, ‘আমরা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য কাজ করে যাচ্ছি। লাশ পোস্টমোর্টম করা হবে। কক্ষটি আমরা প্রাথমিকভাবে পরিদর্শন করেছি। যেহেতু এটি ক্রাইম সিন, আমাদের বিশেষ ইউনিটি এসে কক্ষটি পুনরায় পরিদর্শন করবে এবং অনুসন্ধান শুরু হবে।

গাজায় হতাহত ৬৬ হাজারের বেশি, ৪৫ শতাংশই শিশু

0

দুই মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা। এতে হতাহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪৫ শতাংশই শিশু। এছাড়া গাজায় ৩৬ শতাংশ বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ক্ষমতা ব্যবহার করেও যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

রোববার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে ১৭ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে অন্তত ৪৮ হাজার ৭৮০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, গাজার জনগণের বিরুদ্ধে অপরাধ ও গণহত্যা সব বর্ণনার বাইরে। আমেরিকান ও ইউরোপীয় সমর্থনে ফিলিস্তিনের অস্তিত্বের অবসান ঘটানো অমানবিক। ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে প্রতিদিন শত শত মানুষ নিহত হচ্ছে এবং হাজার হাজার আহত হচ্ছে। নিহতদের প্রায় অর্ধেক শিশু।

তিনি আরও বলেন, ইসরায়েলিরা যেসব এলাকাকে নিরাপদ বলে দাবি করছে সেগুলোকেই বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এটি এখনও গাজা উপত্যকা জুড়ে ঘটছে – কোনও নিরাপদ জায়গা নেই।

গাজার এ কর্মকর্তা জানান, ইসরায়েলের আগ্রাসনের শিকারদের ৭০ শতাংশ শিশু ও নারী। তারা যেসব বাড়িতে বাচ্চারা থাকে সেগুলোকে টার্গেট করছে। হতাহতদের প্রায় ৪৫ শতাংশ শিশু। এটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না।

মধ্য ও দক্ষিণ গাজার দুটি হাসপাতাল গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ১৩৩ জনের মৃতদেহ পেয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর দেইর এল-বালাহের আল-আকসা হাসপাতালে ৭১টি মৃতদেহ আনা হয়েছে। হাসপাতালটিতে ১৬০ জন আহত ব্যক্তিকেও আনা হয়।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ৬২ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এই হাসপাতালএখনও দক্ষিণ গাজায় পরিচালিত প্রধান চিকিৎসা সুবিধাগুলোর একটি। এছাড়াও ৯৯ জন আহত ব্যক্তিকে সেখানে আনা হয়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, মাঝারি ক্ষুধায় পতিত হয়েছে গাজার ৫২ শতাংশ এলাকার মানুষ। সেখানকার ৯১ শতাংশ পরিবার ক্ষুধার্ত অবস্থায় বিছানায় যায় এবং ৬৩ শতাংশ মানুষ সারাদিনই কোনো খাবার না খেয়ে থাকার কথা জানিয়েছে। গাজার উত্তরাঞ্চলে এই অবস্থা সবচেয়ে ভয়াবহ।

ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় খাদ্য সরবরাহের চেইন ভেঙে পড়েছে। এছাড়া গাজায় কাজ করা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর মুখপাত্র আদনা আবু হাসনা জানিয়েছেন, গাজায় অনাহারে থাকা মানুষের মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, আমি আজ চারটি আশ্রয়কেন্দ্রে ছিলাম- এর মধ্যে একটি খান ইউনিসের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্রে, সেখানে প্রায় ৩৫ হাজার বাস্তুচ্যুত ব্যক্তি। আমি আপনাকে বলতে পারি যে রাফাহ এবং খান ইউনিস এবং উত্তরাঞ্চলে বহু ক্ষুধার্ত মানুষ রয়েছে।’

এদিকে ইসরায়েলের নির্বিচারে হামলার মধ্যে তাদেরকে আরও ১০৬ মিলিয়ন ডলারের ট্যাঙ্ক কার্তুজ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিরাপত্তা সহায়তা এবং অস্ত্র বিক্রি উভয় ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে।

বাইডেন প্রশাসন ইসরায়েলকে যুদ্ধে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে। তবে মার্কিন আইনপ্রণেতারা এই বিষয়টি আবারও বিবেচনা করে দেখার আহ্বান জানিয়েছে।

অবরোধসহ নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

0

সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, ১৪ নভেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্কস্তবক অর্পণ করা হবে। সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ২৬৩টি যানবাহন আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে ১৬২টি বাস ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্যান্য ২৩টি বাহন রয়েছে।

দুই পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে বরিশাল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই কমিশনারসহ পাঁচ জেলার এসপিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি একজন জেলা প্রশাসক ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে সংস্থাটি।

রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল ও সিলেটের কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে (এসপি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

এর আগে নির্বাচন সামনে রেখে ৩৩৮ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচন কমিশনের অনুমোদনে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সেসব ওসি তাদের নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

কর্মস্থলে ৬ মাস হয়েছে, এমন ওসিদের পর্যায়ক্রমে বদলি করতে বলে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসি। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকরি সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন।

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

0

গাজীপুরে ঘন কুয়াশায় একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা দুই যাত্রী নিহত হন।

রোববার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)।তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।