বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
27 C
Dhaka
Homeখেলাসূর্যবংশী এলোমেলো করে দিলেন রেকর্ড বই; তাণ্ডবলীলা চালিয়ে করলেন ১৭৫ রান

সূর্যবংশী এলোমেলো করে দিলেন রেকর্ড বই; তাণ্ডবলীলা চালিয়ে করলেন ১৭৫ রান

প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:২২

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়েছেন ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী।

১৪ বছর বয়সী এই ব্যাটার ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে একদিকে যেমন ভারতকে ম্যাচে শক্ত অবস্থানে পৌঁছে দেন, অন্যদিকে ভেঙে দেন একের পর এক রেকর্ড।সূর্যবংশীর ১৭৫ রান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম ১৫০ ছোঁয়া ইনিংস। এর আগে প্লে-অফ ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল নিকোলাস পুরানের ১৪৩ রান, যা তিনি ২০১৪ সালে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করেছিলেন।

ফাইনালের ইতিহাসেও এটি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে ফাইনালে সর্বোচ্চ ছিল উন্মুক্ত চাঁদের অপরাজিত ১১১ রান, যা তিনি ২০১২ সালে টাউনসভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন।

যুব ওয়ানডেতে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এই তালিকায় শীর্ষে আছেন আম্বাতি রায়ডু, যিনি ২০০২ সালে টন্টনে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করেছিলেন। সূর্যবংশীর নিজেরই আগের ১৭১ রানের ইনিংস (ইউএই অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে, দুবাইয়ে) রয়েছে তালিকার তিন নম্বরে।

১৪ বছর ৩১৬ দিন বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেঞ্চুরি করে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এতদিন এই রেকর্ড ছিল বাবর আজমের দখলে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বছর ৯২ দিন বয়সে শতক করেছিলেন বাবর।

ইংল্যান্ডের বিপক্ষে সূর্যবংশীর শতকটি আসে মাত্র ৫৫ বলে, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার উইল মালাইচুক, যিনি জাপানের বিপক্ষে ৫১ বলে শতক করেছিলেন।

১৫০ রান পূর্ণ করতে সূর্যবংশীর লাগে মাত্র ৭১ বল, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের বেন মেইসের। চলতি টুর্নামেন্টেই ৯৮ বলে দেড়শ ছুঁয়েছিলেন তিনি।

৮০ বলে ১৭৫ রানের এই ইনিংসে সূর্যবংশীর স্ট্রাইক রেট ছিল ২১৮.৭৫, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অন্তত ৫০ বল খেলা কোনো ইনিংসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে চলতি মৌসুমেই সূর্যবংশী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েন। মাত্র ৫৯ বলে এই মাইলফলক স্পর্শ করে তিনি পেছনে ফেলেন এবি ডি ভিলিয়ার্সের ২০১৫ বিশ্বকাপে গড়া ৬৪ বলের রেকর্ড।

এই ইনিংসে সূর্যবংশী হাঁকান ১৫টি ছক্কা, যা যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ইউএই অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নিজেরই গড়া ১৪ ছক্কার রেকর্ড ভেঙেছেন তিনি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মোট ৩০টি ছক্কা মেরেছেন সূর্যবংশী, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ১৮ ছক্কার, যা যৌথভাবে ছিল ডিওয়াল্ড ব্রেভিস (২০২২) ও ফিন অ্যালেনের (২০১৬, ২০১৮) দখলে।

এ ছাড়া, টুর্নামেন্টে চারটি ইনিংসে ৫০ বা তার বেশি রান করেছেন সূর্যবংশী এবং প্রতিটি ইনিংসেই তার স্ট্রাইক রেট ছিল ১০০-এর ওপরে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে যা এই প্রথম।

পুরো টুর্নামেন্টে সূর্যবংশীর সংগ্রহ ৪৩৯ রান। যা এক আসরে চতুর্থ সর্বোচ্চ। এই তালিকায় তার ওপরে আছেন ডিওয়াল্ড ব্রেভিস (৫০৬ রান, ২০২২), শিখর ধাওয়ান (৫০৫ রান, ২০০৪) ও ব্রেট উইলিয়ামস (৪৭১ রান, ১৯৮৮)। তথ্য জিও সুপারের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর