Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
23 C
Dhaka
Homeখেলাফিফার ফেসবুক পোস্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ

ফিফার ফেসবুক পোস্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ

প্রকাশ: February 21, 2026 7:37

সারা বিশ্বে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে প্রাণ উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক,শফিউর, জব্বারসহ আরও অনেকে। তাদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে দিনটি আজ বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। ২০০০ সাল থেকে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি।

শুধু রাষ্ট্রীয় বা সামাজিক পরিসরেই নয়, ক্রীড়াঙ্গনেও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে মহান শহিদদের। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বিশ্বকাপ-সংক্রান্ত অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিশেষ পোস্টের মাধ্যমে মাতৃভাষা দিবসে অংশ নেয়। পোস্টটিতে ব্যবহার করা হয় কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমের ছবি। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ সঙ্গে ছিল ফুটবল ও ভালোবাসার ইমোজি। সামিতের ছবিতেও বাংলা ভাষায় ফুটে ওঠে বার্তা ‘ফুটবলই আমাদের ভাষা।’

ফিফার এই বার্তায় প্রতীকীভাবে উঠে আসে ভাষা ও ফুটবলের সংযোগ ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু আবেগ এক। বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে এমন উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে নতুন করে তুলে ধরেছে। জানা গেছে, পোস্টটির প্রাইভেসি সেটিং ‘কাস্টম’ রাখা হয়েছিল, ফলে মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাই এটি দেখতে পেয়েছেন। তবুও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি স্মরণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

প্রবাসী ফুটবলারদের মাধ্যমে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বেড়েছে। যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পথ অনুসরণ করে আরও কয়েকজন খেলোয়াড় লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন। তাদের অংশগ্রহণে বিশ্ব ফুটবলে নতুন করে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের পতাকা। ফিফার পোস্টে সামিত সোমের ছবি ব্যবহার সেই ধারাবাহিকতারই এক প্রতীকী বহিঃপ্রকাশ।

এদিকে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি এক বার্তায় বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে সকল ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহিদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।

দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছে। তাদের বার্তায় বলা হয়, তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

ভাষা আন্দোলনের চেতনা আজ শুধু ইতিহাসের স্মারক নয়, বরং জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি। ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক স্বীকৃতি ও অংশগ্রহণের মাধ্যমে যখন বাংলাদেশের তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরছেন, তখন মাতৃভাষার প্রতি এমন সম্মান বিশ্বপরিসরে দেশের সাংস্কৃতিক অবস্থানকে আরও সুদৃঢ় করছে। একুশ তাই কেবল শোকের দিন নয় এটি আত্মত্যাগ, গৌরব এবং বৈশ্বিক স্বীকৃতির এক উজ্জ্বল প্রতীক।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর