রোববার (২৬ এপ্রিল) ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে লন্ডনের দলটি।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। ২৩তম মিনিটে পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোর বাড়ানো ক্রস থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ হেড করে জালে পাঠান বল। এই গোলই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হারের পর চাপে পড়ে কোচ লিয়াম রোসেনিওরকে বরখাস্ত করে চেলসির মালিকপক্ষ। তার পরিবর্তে মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পান সহকারী কোচ ক্যালাম ম্যাকফারলেন। আর দায়িত্ব পেয়েই চমক দেখান তিনি।
নতুন উদ্দীপনায় মাঠে নেমে চেলসি প্রথমার্ধে আধিপত্য দেখায়। দ্বিতীয়ার্ধে লিডস ইউনাইটেড কোচ ড্যানিয়েল ফার্ক কৌশল পরিবর্তন ও বদলি খেলোয়াড় নামিয়ে চাপ বাড়ালেও গোল আদায় করতে পারেনি দলটি।চেলসির গোলরক্ষক রবের্ত সানচেজ গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ সেভ করে দলকে জয়ে সহায়তা করেন।
এ জয়ের ফলে আটবারের চ্যাম্পিয়ন চেলসি ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। শনিবার অপর সেমিফাইনালে সাউদ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিটি।আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে এবারের এফএ কাপের ফাইনাল।


