মঙ্গলবার (৬ অক্টোবর) আর্জেন্টাইন সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশের মেসি ভক্তদের সরাসরি ম্যাচটি দেখতে হলে ঘুম ভাঙাতে হবে ভোরেই। বুয়েন্স আয়ার্সে যখন ম্যাচ শুরু হবে, তখন বাংলাদেশে বুধবার ভোর ৫টা।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও কিংবদন্তিকে বিদায় জানাতে আয়োজন করেছে বিশেষ এক প্রীতি ম্যাচ। আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ পথচলা।
মেসির শেষ ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। ৮৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ থাকবে, সেটি বলাই যায়। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের কয়েকজন সদস্য আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও মেসির এই ‘লাস্ট ড্যান্স’-এর সাক্ষী হতে মাঠে থাকবেন তারা।
তবে সময়ের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের সামনে রয়েছে সম্প্রচার নিয়েও ঝামেলা। দেশের কোনো টেলিভিশন চ্যানেলে মেসির শেষ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। ভারতীয় মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে সাবস্ক্রিপশন থাকলে অবশ্য ম্যাচটি দেখা যাবে। ভারতীয় উপমহাদেশে এই প্ল্যাটফর্মেই ম্যাচটির সম্প্রচার নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া বেইন স্পোর্টস ও আমাজন প্রাইম ভিডিওতেও ম্যাচটির কাভারেজ থাকতে পারে। তবে কোন অঞ্চলে কীভাবে ম্যাচটি দেখা যাবে, তা নির্ভর করবে সম্প্রচার স্বত্ব ও ভিপিএন সুবিধার ওপর। আর বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে স্পোর্জিফাই এপের মাধ্যমেও সরাসরি দেখা যাবে এই ম্যাচ।
এদিকে সময়ের পার্থক্য আর সম্প্রচারের সীমাবদ্ধতা পেরিয়ে বাংলাদেশের মেসি ভক্তদের জন্য ভোররাতের এই ম্যাচ হয়ে উঠতে যাচ্ছে আবেগঘন এক বিদায়ের মুহূর্ত। কারণ এরপর আর আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যাবে না ফুটবলের এই মহাতারকাকে।


