বুধবার (৬ মে) ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীতে চলাচলরত কিছু লক্কড়-ঝক্কড় বাস ও পণ্যবাহী যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর। এই সীমা অতিক্রম করা যানবাহন রাজধানীতে না চালানোর জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।
এ নির্দেশনা অমান্য করলে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি। এ লক্ষ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অভিযান জোরদার করা হবে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এ বিষয়ে যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।


