মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কোনো কর্মসূচি পালন করেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উপজেলা প্রশাসনের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় আয়োজনেও, জামায়াতের কোন নেতা-কর্মীদের দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা সূত্রে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। তবে ফটিকছড়ি জামায়াতে ইসলামীর কোনো ইউনিটে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ফটিকছড়ি জামায়াতে ইসলামীর দুই আমিরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু তারা কেউ অনুষ্ঠানে অংশ নেননি।
এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করলেও ব্যস্ততার কারণে যেতে পারেননি বলে জানান।
অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদেরকে উপজেলা প্রশাসন থেকে দাওয়াত দেওয়া হয়নি।এছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় দলীয়ভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করাও সম্ভব হয়নি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় দিবসে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের রাষ্ট্রীয় আয়োজনে জামায়াতে ইসলামীর অনুপস্থিতি ও দলীয়ভাবে কোন কর্মসূচি পালন না করায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই জামায়াত স্বাধীনতা বিরোধী ও রাজাকারের দল।
স্বাধীনতা দিবসের কোন অনুষ্ঠান পালন না করে, আবারো প্রমাণ দিলো তারা দেশ ও স্বাধীনতার বিরোধী শক্তি।


