শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
24 C
Dhaka
Homeজীবনযাপনভ্যানিলা ম্যাঙ্গো স্মুদি ইফতারের পর শরীর ও মনকে চাঙা রাখে 

ভ্যানিলা ম্যাঙ্গো স্মুদি ইফতারের পর শরীর ও মনকে চাঙা রাখে 

প্রকাশ: মার্চ ১০, ২০২৬ ৯:৫৭

পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিমরা রোজা পালন করেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা পালন করেন। পাশাপাশি সৃষ্টিকর্তার ইবাদত তো রয়েছেই। দিনভর পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় মাগরিবে ইফতারে রকমারি খাবার নিয়ে বসা হয়। কিন্তু তাতে খাওয়ার চাহিদাকে গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় পুষ্টির দিকে খেয়াল রাখা হয় না।

রমজানে সাহরি ও ইফতারে পুষ্টিকর খাবার গ্রহণের বিকল্প নেই। এ ক্ষেত্রে ইফতারে বা ইফতার-পরবর্তী সময় ভ্যানিলা ম্যাঙ্গো স্মুদি হতে পারে আপনার জন্য সারাদিনের ক্লান্তি কাটিয়ে শরীর ও মনকে চাঙা করার সেরা পদ। সারাদিন না খেয়ে থাকার পর শরীর দুর্বল হয়ে পড়ে। এই ভ্যানিলা ম্যাঙ্গো স্মুদি ইফতার বা সাহরিতে খাওয়া হলে শরীর দ্রুত শক্তি ফিরে পায়।

ভ্যানিলা ম্যাঙ্গো স্মুদি নানা কারণেই রোজাদারের জন্য প্রয়োজনীয় একটি পদ। কেননা, টাটকা আমে থাকা প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট রোজা ভাঙার পর শরীরে দ্রুত শক্তি এনে দেয়। দুধ ও স্মুদির তরল অংশ শরীরকে হাইড্রেট রাখে, যা রোজার সময় খুবই গুরুত্বপূর্ণ। দুধ ও ভ্যানিলা আইসক্রিমে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন হাড় ও পেশি মজবুত করতে সাহায্য করে।

এছাড়া আমে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় এবং ইফতারের পর গ্যাস্ট্রিক বা অস্বস্তি কমাতে সাহায্য করে। ভ্যানিলার সুগন্ধ ও ঠান্ডা স্মুদি মনকে প্রশান্ত করে, ক্লান্তি ও বিরক্তি দূর করে। ঠান্ডা পরিবেশনে এই স্মুদি শরীরকে শীতল রাখে, বিশেষ করে গরমের সময় রোজায় আরাম দেয়। আর উপকারী এই রেসিপিটি চ্যানেল 24 অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরেছেন শেফ সঞ্চিতা দাস। তাহলে রেসিপিটি জেনে নেয়া যাক-

  • উপকরণ:
    টাটকা আমের পাল্প ২০০ গ্রাম, ভ্যানিলা আইসক্রিম ১২০ গ্রাম, দুধ ১২০ মিলিলিটার, চিনির সিরাপ ২০ গ্রাম, ভ্যানিলা আইসক্রিম ১ স্কুপ (ওপরে দেয়ার জন্য)।
  • প্রস্তুত প্রণালী:
    প্রথমে ব্লেন্ডারের জারে টাটকা আমের পাল্প, দুধ, ভ্যানিলা আইসক্রিম (১২০ গ্রাম) এবং চিনির সিরাপ দিয়ে দিতে হবে। সব উপকরণ একসঙ্গে দিয়ে মসৃণ হওয়া পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে একটি গ্লাসে ঢেলে রাখুন। এবার পরিবেশনের ঠিক আগে ওপরে ১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন ভ্যানিলা ম্যাঙ্গো স্মুদি।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর