মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
27 C
Dhaka
Homeখেলাবিজয় আর কখনো ফিরবেন না ক্রিকেটে

বিজয় আর কখনো ফিরবেন না ক্রিকেটে

প্রকাশ: মার্চ ৩, ২০২৬ ৭:৫৭

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল চলাকালেই বিস্ফোরক এক ঘোষণা দিলেন জাতীয় দলে খেলা ক্রিকেটার এনামুল হক বিজয়।

‘হারানো সম্মান’ ফেরত না পেলে আর কখনো ক্রিকেটেই ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৫১টি সেঞ্চুরির এই মালিক।দুইটি বিষয় তুলে ধরে এই ঘোষণা দেন বিজয়। প্রথমত, ২০২৪ সালের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলার পারিশ্রমিক তিনি এখনো পাননি। আর ২০২৫ সালের বিপিএলে ফিক্সিংয়ে জড়িত ছিলেন সন্দেহে অঘোষিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার ওপর। এ কারণে খেলতে পারেননি বিপিএলের সর্বশেষ আসরে। কিন্তু এখনো অভিযোগের কোনো প্রমাণ সামনে আনা হচ্ছে না। এ দুটি বিষয়ে বিসিবির কাছ থেকে কোনো সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ বিজয়ের।

সবশেষ বিপিএলের নিলাম তালিকায় রাখা হয়নি বিজয়সহ সন্দেহের তালিকায় থাকা ৯ ক্রিকেটারকে। তখন অবশ্য জানানো হয়েছিল, বিপিএল ছাড়া অন্য টুর্নামেন্টে খেলতে পারবেন তারা। সেই তালিকায় থাকা মোসাদ্দেক মধ্যাঞ্চলের হয়ে খেললেও দক্ষিণাঞ্চল দলে দেখা যায়নি বিজয়কে।

সাংবাদিকদের বিজয় বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত না দিচ্ছে, সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী নয়, বিজয়ের নাম ভুল করে গিয়েছে, বিজয়ের পারিশ্রমিক দেয়া হয়েছে, সন্দেহের তালিকায় ছিল, কিন্তু এখন জিনিসটা সুন্দর (সমাধান) হয়ে গেছে, এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। বিসিবি যখন সুন্দর করে (এসব) বলবে, তখন আমি ক্রিকেট খেলব।’

বিপিএলে ফিক্সিং নিয়ে অভিযোগ ওঠে ২০২৪ সালে। পরে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই তদন্তে ৯ ক্রিকেটার ও কয়েকজন কর্মকর্তাকে গত বিপিএলে না রাখার পরামর্শ দিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল।

তবে অভিযোগ আনলেও এতদিনে প্রমাণ না করতে পারায় ক্ষোভ বিজয়ের, ‘এটা আসলে হাস্যকর। আমার মনে হয় কেউ যদি কোনো কিছু করে থাকে, তার জন্য এক–দুই সপ্তাহ, এক মাসই যথেষ্ট বের করা। দুই বছর ধরে কারও ব্যাপারে কিছু বের করতে পারছে না, জানে না; তার মানে তো সে কিছু করে নাই! ব্যাপারটা তো এ রকমই হওয়া উচিত।’অন্যায় কিছু করে থাকলে এত দিনে সেটি প্রমাণ হয়ে যেত বলেও দাবি বিজয়ের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর