সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
25 C
Dhaka
Homeখেলাঢাকা প্রিমিয়ার লিগ শুরুর চূড়ান্ত তারিখ জানাল বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর চূড়ান্ত তারিখ জানাল বিসিবি

প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৬ ৯:২৫

দেশের একমাত্র লিস্ট 'এ' ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৫ মে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের ২০২৫-২৬ মৌসুমের খেলা। ছয় ভেন্যুতে হবে ১২ দলের অংশগ্রহণে এবারের আসর। পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন।

সোমবার (২৭ এপ্রিল) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবার সিঙ্গেল লিগ পদ্ধতির আসর হবে। সময় স্বল্পতার কারণে সুপার লিগের পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। তবে অবনমন ঠিকই থাকছে। প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগও হবে।

এবারের ঢাকা লিগে অংশ নিবে মোট ১২টি দল। তারা হচ্ছে– আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে শুরুতে এবারের ডিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকার ক্লাবগুলো। তবে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নিতেই মাঠে ফেরার সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো। এবারের আসরে মোট ৬৯টি ম্যাচ মাঠে গড়াবে। লিগ পর্যায়ে ৬৬টি ম্যাচের সঙ্গে রেলিগেশন লিগে থাকছে ৩ ম্যাচ।

আসন্ন আসরকে সামনে রেখে সপ্তাহখানেক আগেই শেষ হয়েছে লিগের দলবদল। এবার কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৬ বছরের শিরোপা খরা ঘোচাতে এবার মরিয়া ঐতিহ্যবাহী ক্লাবটি। গত মৌসুমের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও আরেক প্রতিষ্ঠিত শক্তি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও খুব পিছিয়ে নেই শক্তিতে।

শুরুতে লিগ না খেলার ঘোষণা দিলেও পরে মতবদল করে দল গোছানো লেজেন্ডস অব রূপগঞ্জ শেষ পর্যন্ত খারাপ করেনি। চমক দেখাতে পারে প্রিমিয়ারে উঠে আসা নতুন দল ঢাকা লিওপার্ডস, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও সিটি ক্লাব।

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট একসময় ছিল দেশের ঘরোয়া ক্রিকেটের মূল আসর। এখনও এটি দারুণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ক্রিকেটীয় দিক থেকে তো বটেই, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের রুটিরুজিরও বড় উৎস এই টুর্নামেন্ট। সব আনুষ্ঠানিকতা শেষে এখন সেটি মাঠে গড়ানোর অপেক্ষা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর