বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
30 C
Dhaka
Homeবাংলাদেশদাঁড়িপাল্লার জয় হবে যদি ভোটের পরিবেশ ঠিক থাকে : আব্দুল হালিম

দাঁড়িপাল্লার জয় হবে যদি ভোটের পরিবেশ ঠিক থাকে : আব্দুল হালিম

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১:৪৯

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতে ইসলামীর পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, মানুষ মুখে যে যাই বলুক না কেন, মনে মনে তারা দাঁড়িপাল্লাকে ভোট দেয়ার নিয়ত করে রেখেছেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, এটি এখন কেন্দ্রের নির্বাচন। জামায়াতের নজর এখন ঠাকুরগাঁওয়ের দিকে। কেন্দ্র থেকে নিয়মিত নির্বাচনের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে আসবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আশপাশের জেলার নেতাকর্মীরাও ঠাকুরগাঁওয়ে আসবেন। তারা নিজেদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন।

নির্বাচনের দিন যেকোনো মূল্যে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়ে মাওলানা আব্দুল হালিম বলেন, ভোটাররা তাদের মূল্যবান ভোট দেবেন। কোনো অবস্থাতেই যেন সেই ভোট কেউ ছিনিয়ে নিতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কেন্দ্রের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন, তাদেরও সজাগ থাকতে হবে, যাতে ভোট গণনায় কোনো ধরনের জালিয়াতি করা না যায়।

১১ দলীয় ঐক্যের বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য কঠোর নজর রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত থাকার জন্য ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সভায় ১১ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর