সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
24 C
Dhaka

বিকেলের পর কফি পান করা কি কি ঘুমের সমস্যা হয়, চিকিৎসকের সতর্কবার্তা

0
কফি
কফি

বিকেলের পর কফি খেলে শুধু ঘুম কম হয় না ঘুমের মানও নষ্ট হয়ে যায়। ফলে পুরো রাত ঘুমিয়েও সকালে উঠে ক্লান্ত লাগতে পারে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে চিকিৎসকরা এই বিষয়ে কথা বলেছেন।

  • কেন বিকেলের কফি সমস্যার কারণ

অ্যানেস্থেসিওলজিস্ট ও পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডা. কুনাল সুদ ব্যাখ্যা করেছেন, কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে ভুল সময়ে ‘অ্যালার্ট মোডে’ নিয়ে যায়। ফলে শরীর যখন বিশ্রামের জন্য প্রস্তুত হওয়ার কথা, তখনই তা উল্টোভাবে সক্রিয় হয়ে ওঠে।

তিনি আরও বলেন, ক্যাফেইন আমাদের শরীরে থাকা অ্যাডেনোসিন নামের এক রাসায়নিকের কাজ আটকে দেয়। এই অ্যাডেনোসিনই মস্তিষ্ককে জানায়—“এবার ঘুমানোর সময় হয়েছে।” কিন্তু ক্যাফেইন সেটাকে ব্লক করে দেয়। যার কারণে,
ঘুম আসতে দেরি হয়। আমাদের মস্তিষ্ক বুঝতেই পারে না কখন বিশ্রাম নেয়া দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক কাপ কফির প্রভাব ৬ ঘণ্টার বেশি সময় ধরে থাকতে পারে!

  • গভীর ঘুম কমে যায়

আমাদের ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ‘ডিপ স্লিপ’ বা গভীর ঘুম। এই সময়েই শরীর ও মস্তিষ্ক পুরোপুরি রিকভার করে। ক্যাফেইন গভীর ঘুম কমিয়ে দেয়। আর হালকা ঘুমের সময় বাড়িয়ে দেয়। ফলে পুরো রাত ঘুমালেও ঘুমটা তেমন রিফ্রেশিং লাগে না।

  • মাঝরাতে ঘুম ভেঙে যায়

কফি শরীরকে এক ধরনের ‘ফাইট-অর-ফ্লাইট’ অবস্থায় রাখে। এর ফলে:——

  • রাতে বারবার ঘুম ভাঙতে পারে
  • ঘুম ভেঙে আবার ঘুমাতে সমস্যা হয়
  • এটাকে বলা হয় ‘ফ্র্যাগমেন্টেড স্লিপ’ মানে টুকরো টুকরো ঘুম।
  • স্ট্রেস হরমোন বাড়ায়

ক্যাফেইন শরীরে কর্টিসল (স্ট্রেস হরমোন) বাড়িয়ে দেয়। এই হরমোন:——

  • শরীরকে সতর্ক রাখে
  • ঘুমের প্রক্রিয়া ব্যাহত করে বিশেষ করে রাতে কর্টিসল বেড়ে গেলে ঘুমের সমস্যা আরও বাড়ে।
  • পরের দিনও ক্লান্ত লাগবে

সবচেয়ে বড় সমস্যা এখানেই। আপনি হয়তো ৭–৮ ঘণ্টা ঘুমালেন, তবুও সকালে উঠে মনে হবে:

  • শরীর ভারী
  • মনোযোগ কম
  • আবার কফি খাওয়ার প্রয়োজন
  • এভাবে এক ধরনের ‘ক্যাফেইন নির্ভরতা’ তৈরি হয়।

সমাধান:——-

  • দুপুর ২–৩টার পর কফি এড়িয়ে চলুন
  • সন্ধ্যার পর হার্বাল টি বা ডিক্যাফ কফি বেছে নিন
  • নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন

কফি আমাদের জীবনের একটি প্রিয় অভ্যাস কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। বিকেলের পর কফি খাওয়ার ছোট্ট অভ্যাসই আপনার ঘুম, মনোযোগ এবং পরের দিনের শক্তি সবকিছুতে প্রভাব ফেলতে পারে। তাই যদি ভালো ঘুম আর সতেজ সকাল চান, আজ থেকেই কফির সময়টা একটু এগিয়ে আনুন।

বিশ্বে বিরল ঘটনা যে,ফাঁসির মঞ্চ থেকে কেউ সংসদে এসেছেন : ডেপুটি স্পিকার

0
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এসব কথা বলেন।

১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার বলেন, আজ সংসদের অধিবেশনে সভাপতিত্ব করায় আমি সংক্ষেপে কিছু কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাই না। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সংসদের সব সদস্য আমাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করে যে আস্থা ও সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীসহ সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর)-এর জনগণের প্রতি, যাদের সমর্থনে আজ আমি সংসদ সদস্য হতে পেরেছি।

তিনি বলেন, আমাদের জাতির ইতিহাস শুরু হয়েছে ত্যাগ ও সংগ্রামের মধ্যদিয়ে। মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার ভিত্তি। সেই যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করতে পেরেছি। এই পবিত্র সংসদ থেকে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

‘আমি একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমৃত্যু তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত হয়েছেন।’

জুলাই আন্দোলন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। জুলাই-আগস্টের বীর শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি। আমি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ সব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা অন্ধত্ব ও পঙ্গুত্বে ক্লিষ্ট কষ্টকর জীবনযাপনে বাধ্য হচ্ছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হিসেবে সংসদে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল সবার সম্মিলিত চেষ্টায় একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন।

 

৬০৪ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নিলো হামের প্রাদুর্ভাব ঠেকাতে 

0
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

রোববার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এশিয়া ফার্মা এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিজেলস বা হামের রোগী অনেক বেড়েছে। আট বছর আগে সর্বশেষ ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এরপর আর কোনো সরকার এই ভ্যাকসিন দেয়নি। আমরা ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। পারচেজ কমিটিও অনুমোদন দিয়েছে। যথাসময়ে ভ্যাকসিন সংগ্রহ করে কার্যক্রম শুরু করা হবে।

সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা প্রস্তুতির কথাও তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে দেশে হামের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে চলতি বছর নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হওয়ার পর ১০ জানুয়ারি সতর্কতা জারি করা হয়। একই সময় রাজধানীর বস্তি এলাকাগুলোতেও রোগীর সংখ্যা বাড়তে থাকে।

তিনি বলেন, ইনশাআল্লাহ, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে ওয়ার্ড, আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। ঢাকার ডিএনসিসি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জের আটটি ইউনিট এবং উত্তরাঞ্চলের কয়েকটি হাসপাতালে হামের রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সংকটের কারণে কয়েকটি শিশুমৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি নতুন ভেন্টিলেটর পেয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, আজ আমরা পাঁচটি ভেন্টিলেটর সংগ্রহ করছি। আগামীকাল সকালে সচিব রাজশাহী যাবেন। তিনি চারটি ভেন্টিলেটর সঙ্গে নিয়ে যাবেন এবং সেখানে স্থাপন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো শিগগিরই আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরবরাহ করবে, যা হামের সংক্রমণ মোকাবিলায় সরকারের চিকিৎসা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকা সংগ্রহ, চিকিৎসা অবকাঠামো প্রস্তুত এবং জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

তাপমাত্রা নিয়ে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ

0
আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রোববার(২৯ মার্চ) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বেলায় ঢাকাবাসীকে বাড়তি গরমের মুখোমুখি হতে হতে পারে।

রোববার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা নগরজীবনে অস্বস্তি আরও বাড়াতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই পরিস্থিতিতে বিশেষ করে দুপুরের দিকে গরম ও ভ্যাপসা অনুভূতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

0

নড়াইল সদরে তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে নাহিদ সরদার (৩৫) নামে পাম্পের এক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ম্যানেজারের সহযোগী জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।

নিহত নাহিদ সরদার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার সহযোগী জিহাদুল একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এসময় তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার সহযোগী জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

0

শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ‘নো কিংস’ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। যেখানে বহু মানুষ ইরান যুদ্ধ এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

এক মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ‘নো কিংস’ বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রে। এ বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারীরা।

সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটল লন এবং তার আশেপাশের রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ উল্টো করে মার্কিন পতাকা ধরেছিলেন, যা ঐতিহাসিকভাবে দুর্দশার প্রতীক।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে শনিবার তৃতীয় বারের মতো দেশব্যাপী ‘নো কিংস’ প্রতিবাদ হয়।

‘নো কিংস’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৫০টি রাজ্য জুড়ে ৩,৩০০টিরও বেশি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল এবং নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসি-র মতো শহরগুলিতে বিপুল জনসমাগম প্রত্যাশিত ছিল। আন্তর্জাতিকভাবে রোম, প্যারিস ও বার্লিনের মতো শহরগুলিতেও সমান্তরাল প্রতিবাদ অনুষ্ঠান হচ্ছে।

তবে মূল অনুষ্ঠানটি মিনেসোটার মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা টুইন সিটিজ নামে পরিচিত।

গত ডিসেম্বরে ট্রাম্পের কঠোর অভিবাসন দমন অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মধ্য-পশ্চিমের এই রাজ্যটি, যখন তিনি ‘অপারেশন মেট্রো সার্জ’ চালু করেন।

আগের দুটি ‘নো কিংস’ মিছিল জুন ও অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল এবং এতে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। অক্টোবরের প্রতিবাদের জবাবে ট্রাম্প একটি এআই-নির্মিত ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে বিক্ষোভকারীদের ওপর মল নিক্ষেপ করতে দেখা যায়।

এদিকে, যুক্তরাষ্ট্র নভেম্বরে অনুষ্ঠিতব্য তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার মধ্যে রয়েছে, যেখানে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষেই তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টা করবে।

আয়োজকরা জানিয়েছেন, ৫০টি রাজ্যেই ৩,১০০টিরও বেশি অনুষ্ঠান নিবন্ধিত হয়েছে, যা অক্টোবরের চেয়ে ৫০০টি বেশি।

এছাড়া মার্কিন আয়োজকরা অনুমান করেছেন যে, ‘নো কিংস’ র‍্যালির প্রথম দুই দফায় জুনে ৫০ লক্ষেরও বেশি এবং অক্টোবরে ৭০ লক্ষ মানুষ অংশ নিয়েছিল। এই সপ্তাহে তারা সাংবাদিকদের জানিয়েছেন যে, শনিবার তারা ৯০ লক্ষ অংশগ্রহণকারীর প্রত্যাশা করছেন, যদিও সেই প্রত্যাশা পূরণ হয়েছে কিনা তা বলার সময় এখনও আসেনি।

৩৮ দিনের ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠা

0

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে খুলে দেয়া হয়েছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এবারের রমজান ও ঈদের ছুটি শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি থেকে। সরকারি সূচি অনুযায়ী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত এই ছুটি নির্ধারিত ছিল। তবে ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ মার্চ পর্যন্ত বেড়ে যায় সেই ছুটি।

এবার শিক্ষার্থীরা ৩৮ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করেছে। দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও কাজ করছে উৎসাহ।

দীর্ঘ ছুটির পর ক্লাসে ফিরেই শিক্ষার্থীদের সিলেবাস সময়মতো শেষ করায় মনোযোগ দিচ্ছেন শিক্ষকেরা। ছুটির পরপরই অর্ধবার্ষিক পরীক্ষাও শুরু হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে।

বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

0
নিজ দফতরে না গিয়ে হেঁটে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজ দফতরে না গিয়ে হেঁটে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে নিজ দফতরে না গিয়ে হেঁটে যান ৬ নম্বর ভবনে। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এভাবে ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে।

এদিকে, অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেয়ার কথা রয়েছে।

গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু

0
২২ জন অভিবাসীর মৃত্যু
২২ জন অভিবাসীর মৃত্যু

শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, গ্রিসের বৃহত্তম এবং ভূমধ্যসাগরের পঞ্চম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ। এদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা গ্রিক কোস্টগার্ডকে জানান, যাত্রাপথে তাদের সঙ্গে থাকা ২২ জনের মৃত্যু হয়েছে। পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। আর নিহতদের মধ্যে ১৮ জনই ছিলেন বাংলাদেশি।

প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।

কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট—সব মিলিয়ে চরম ক্লান্তিতে ২২ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দক্ষিণ সুদানের দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বয়স যথাক্রমে ১৯ ও ২২ বছর। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, নৌকাটি ক্রিটের দক্ষিণাঞ্চলের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।

অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি অভিবাসন নীতিতে কঠোরতা বাড়িয়েছে এবং ‘রিটার্ন হাব’ চালুর প্রস্তাব অনুমোদন করেছে। তবে, এই পদক্ষেপকে অমানবিক বলে সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

 

সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

0
নেপালকে পেল বাংলাদেশ
নেপালকে পেল বাংলাদেশ

শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে মূল লড়াই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। পাকিস্তানকে হারিয়ে দু’দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে শীর্ষস্থান দখলে রাখতে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না। ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। গোল হজমের পর বাংলাদেশ সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ ও কর্নার আদায় করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন নাজমুল হুদা ফয়সালরা।

প্রথমার্ধের শেষ দিকে মাঠে উত্তেজনা বাড়তে থাকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এক ফাউলকে কেন্দ্র করে ডাগআউটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ভারতের হেড কোচ মহেশ গাউলি। একই সময় ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাংলাদেশের কোচ মার্ক কক্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান।

প্রথমার্ধের যোগ করা সময়ের ১০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। কর্নার নিতে গিয়ে প্রথমে নাজমুল হুদা ফয়সাল এগোলেও পরে রোনান সুলিভান দায়িত্ব নেন। তার নেয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান রিয়াদ ফাহিম।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের উত্তেজনা কমেনি। দু’দলই পাল্টাপাল্টি আক্রমণে ব্যস্ত ছিল। ৬৩তম মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুম দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিতে গেলে ইসমাইল দ্রুত এগিয়ে এসে বল কর্নারে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর বক্সের বাইরে স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের ফাহিম। তবে দোদুমের নেয়া ফ্রি-কিক রক্ষণের দেয়ালে লেগে বাইরে চলে গেলে বিপদ কেটে যায়।

শেষ দিকে বাংলাদেশ আক্রমণে গেলেও জয়সূচক গোল আদায় করতে পারেনি। ফলে ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়। এই ফলাফলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। এখন শেষ চারে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠাই লক্ষ্য লাল-সবুজদের।