বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.5 C
Dhaka

জানা গেলো আইএমএফের হিসাবে এখন দেশের রিজার্ভ কত

0

এক সপ্তাহের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে যা গিয়ে নেমেছে ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গণনা পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী তা দাঁড়িয়েছে ২০ বিলিয়নে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য সপ্তাহে বড় ধরনের কোনো বৈদেশিক দায় পরিশোধ করা হয়নি। এ সময়ে মূলত ছোট আমদানি খরচ এবং বিদেশি ঋণের কিস্তি শোধ করা হয়েছে। ফলে রিজার্ভ কিছুটা কমেছে।

এক সপ্তাহ আগে আইএমএফের হিসাবে দেশে নিট রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের পদ্ধতিতে তা ছিল ২৫ দশমিক ২৬ বিলিয়ন। বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল ও অর্থায়ন যার অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সাল শেষে রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলারে ওঠে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর তা কমে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে নেমে আসে। সারা বিশ্বে প্রচলিত ও বহুল ব্যবহৃত পদ্ধতি আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬)। বিদায়ী বছর শেষে সে অনুযায়ী, রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। চলতি বছরের শুরুতে যা কমে হয় ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

২০২১ সালের আগস্টে রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়ায়। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যায়। ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। এতে দেশে ডলার সংকট তৈরি হয়। সেটা মেটাতে রিজার্ভ থেকে তা বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া নতুন করে ঋণ কম পায় বাংলাদেশ। ফলে বিদেশি মুদ্রার সঞ্চায়ন কমে যায়।

গত ১৩ ডিসেম্বর তা কমে ১৯ দশমিক ১৭ বিলিয়নে নামে। তবে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৯ কোটি ডলার, এডিবির ৪০ কোটি ডলার এবং বিভিন্ন ব্যাংক থেকে ১০৪ কোটি ডলার পাওয়ায় রিজার্ভ বাড়ে। মূলত আইএমএফের শর্ত পূরণে সেটা বাড়ানোর চেষ্টা ছিল।

সিগারেটের প্যাকেট থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

0

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটের ভেতর থেকে প্রায় দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগের কর্মকর্তারা। উদ্ধারকৃত ১৪ টি সোনার বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টা ৫৫ মিনিটে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিমানবন্দরের এক এনএসআই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে আন্তর্জাতিক আগমনী ২ নম্বর  কনভেয়ার বেল্টে একটি লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেটও দেখা যায়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সেই প্যাকেট খুলে এর মধ্যে ১৪ টি স্বর্ণবার (২৪ ক্যারেট) উদ্ধার করেন। যার ওজন ১ কেজি ৬৩১ গ্রাম। এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হয়েছে। তাই উদ্ধারকৃত স্বর্ণের মূল্যের পুরোটাই বাংলাদেশ সরকার রাজস্ব হিসেবে আয় করে। স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২৬ ফ্লাইট যোগে বিমানবন্দরে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

0

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোলাইমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় জসিম নামের আরও একজন আহত হন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত সোলায়মান হক বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের আব্দুল হকের ছেলে। আহত জসিম সিকদার (৩২) একই এলাকার নজরুল সিকদারের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিষযটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন জসিম সিকদার। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের বাধা দিতে এগিয়ে যান সোলায়মান হক। দুর্বৃত্তরা জসিম সিকদারকে ফেলে দিয়ে সোলায়মানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত করার জন্য লাশ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আহত জসিমকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। পুলিশ আহত যুবকের সঙ্গে কথা বলেছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে।

সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

মোদি আর ভারতের প্রশংসা করে দীর্ঘ ভাষণ পুতিনের

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং দেশটির ‘স্বাধীন’ পররাষ্ট্রনীতি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজকের দুনিয়ায় এমন স্বাধীনচেতা পররাষ্ট্রনীতি এত সহজ নয় বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ‘রাশিয়ান স্টুডেন্ট ডে’ উপলক্ষে কালিনিনগ্রাদ অঞ্চলের শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক ভাষণে মোদি এবং ভারতের নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির হারে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ভারত অন্যতম এবং এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বগুণের জন্য। তাঁর নেতৃত্বের মেয়াদেই ভারত এমন একটি পর্যায়ে পৌঁছেছে।’

রুশ প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া নির্দ্বিধায় ভারতের ওপর নির্ভর করতে পারে। কারণ, আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লি কখনোই রাশিয়ার বিরুদ্ধে কোনো খেলায় অংশ নেবে না।

পররাষ্ট্রনীতির প্রসঙ্গে পুতিন বলেন, ‘ভারত একটি স্বাধীন পররাষ্ট্রনীতির বাস্তবায়ন করেছে, আজকের দুনিয়ায় যা সহজ নয়। কিন্তু ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারতের এটি করার অধিকার রয়েছে। আর প্রধানমন্ত্রী মোদির আমলেই এই বোধোদয় হয়েছে।’

যৌথভাবে কাজ করার জন্য ভারতের এ ধরনের পররাষ্ট্রনীতি অনেক গুরুত্বপূর্ণ বলেও মনে করেন পুতিন। কারণ, এর মাধ্যমে অংশীদারত্ব ও যৌথ কাজের দীর্ঘ মেয়াদ নিশ্চিত হয়।

ভারতের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কোনো কূটচালের সম্পর্ক নেই বলেও জানান পুতিন। তিনি মোদি সরকারের ‘ভারতে তৈরি’ উদ্যোগেরও প্রশংসা করেন। পুতিন জানান, মোদির নেতৃত্বের অধীনে ভারত বিপুল উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বাস্তবায়নের ভারতকে সমর্থন দিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন পুতিন।

পুতিন জানান, ভারতের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ রাশিয়ার। রোজনেফ্ট তেল শোধনাগার, গ্যাস স্টেশনগুলোর একটি নেটওয়ার্ক, একটি বন্দরসহ বিভিন্ন প্রকল্পের অধীনে ভারতে ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে রাশিয়া।

ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যেরও প্রশংসা করেন পুতিন। রাশিয়ায় ভারতীয় সিনেমার জনপ্রিয়তার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, ‘ভারতের মহান সংস্কৃতি বৈচিত্র্যময় এবং রঙিন। পৃথিবীজুড়ে যে গুটিকয়েক দেশের জাতীয় টেলিভিশনে ভারতীয় সিনেমা দেখানো হয় তার মধ্যে রাশিয়া অন্যতম।’

ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত ২৫ থেকে ২৯ ডিসেম্বর রাশিয়ায় সফর করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর করা হয়। এসব চুক্তির মধ্যে রুশ অর্থায়নে ভারতে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অন্যতম।

সাকিবদের হারিয়ে খুলনা টাইগার্সদের হ্যাটট্রিক

0

বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট পর্বের প্রথম ম্যাচে তারকায় ঠাসা রংপুরকে ২৮ রানে হারায় খুলনা। তাদের দেয়া ১৬১ রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ১৩২ রানে অলআউট হয় রংপুর। তিন ম্যাচ খেলে এনিয়ে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল খুলনা। দেশি তারকারা আলো ছড়াতে পারেনি। অধিনায়ক এনামুল হক বিজয় শূন্য রানে আউট হন। মাহমুদুল হাসান জয় ৭ ও আফিফ হোসেন ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।

তবে তিন বিদেশি তারকার ব্যাটে দলটি চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। ওপেন করতে নেমে এভিন লুইস ২৫ বলে ৩৭ রান করেছিলেন। পরে দাসুন শানাকা ৩৩ বলে ৪০ ও মোহাম্মদ নওয়াজ ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। সুবাদে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় খুলনা।

রংপুরের পক্ষে হাসান মাহমুদ ২৯ রান খরচায় ৩ উইকেট নেন। ২ শিকার ধরেন মাহেদি হাসান।

ব্যাট হাতে আলো ছড়ানোর পর খুলনার হয়ে বল হলেও উজ্জ্বল ছিলেন নাওয়াজ ও শানাকা। বাবর আজম, ব্র্যান্ডন কিংরা থাকার পরও রংপুরের ব্যাটিং তাই ডানা মেলেনি। মোহাম্মদ নবী ৩০ বলে ৫০ রান করে যা একটু লড়াইয়ে রেখেছিলেন দলকে। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি।

রংপুরের তারকা ব্যাটার বাবর আজম এদিন ৮ বলে ২ রান করেন। সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসক দেখিয়ে ফেরা সাকিব আল হাসানও রংপুরের হয়ে খেলতে নামেন। ৪ ওভারে ২১ রান খরচায় কোনো উইকেট পাননি। পরে এখনও চোখের সমস্যা থাকায় ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। ৪ বল খেলে ২ রানেই থামেন তিনি।

খুলনার পক্ষে নওয়াজ ও ওয়াসিম ২টি করে উইকেট নেন। সর্বাধিক ৪ উইকেট নেন শানাকা। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

টিকিট কালোবাজারির সঙ্গে রেল সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে ব্যবস্থা: র‌্যাব

0

‘ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে স্টেশন মাস্টারসহ রেল সংশ্লিষ্ট কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সুপারিশ করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই মূলহোতাসহ ১৪ জনকে গ্রেফতারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

খন্দকার আল মঈন বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রটির সদস্যরা সরাসরি অনলাইন থেকে টিকিট সংগ্রহ করছেন না। তারা কাউন্টারম্যানদের দিয়ে এটা করছে। মূলত অনলাইন থেকে কাউন্টারম্যানরা টিকিটগুলো সংগ্রহ করছেন। তাদের নাম আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কাউন্টারম্যানরা মূলত টিকিট কাটার সময় শুরু হলে তারা আগের যাত্রীদের তথ্য ব্যবহার করে টিকিট কেটে রেখে দিচ্ছেন। এতে তারা অল্প পুঁজি ব্যবহার করছেন।

গ্রেফতাররা আরও জানিয়েছে, এই কাজে সহজ ডট কমের আইটি শাখায় কর্মরতদেরও একটা সংশ্লিষ্টতা রয়েছে। আমরাও কিছুটা ক্রু পেয়েছি তাদের জড়িত থাকার বিষয়ে। এ নিয়ে আমরা কাজ করছি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরও বলেন, আমরা কিছু নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যেরও নাম পেয়েছি। তবে আমরা তদন্ত করছি আ তাদের ব্যাপারে ঊর্ধ্বতনের কাছে তথ্য দেওয়া হবে। মূলত সার্ভার চালুর পরই টিকিটগুলো কেটে রাখছেন তারা। পরে এই সিন্ডিকেটের ১৪ জন সদস্যের মাধ্যমে বিক্রি করতেন। এভাবে চক্রটির সদস্যরা প্রতিদিন বিভিন্ন রুটের ৫০০ টিকিট বিক্রি করতেন।

গ্রেফতাররা এই টিকিটের ৫০ শতাংশ নিতেন। বাকী ৫০ শতাংশ কাউন্টারম্যানদের দিতেন। কাউন্টারম্যানরা তাদেরকে জানিয়েছে, এই টাকার ভাগ স্টেশন মাস্টার থেকে শুরু করে উপর লেবেলের কর্মকর্তাদেরও দিতে হয়। যে সকল কাউন্টারম্যানদের নাম আমরা পেয়েছি তাদের বিষয়ে ঊর্ধ্বতনদের জানাবো। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে এ কাজে স্টেশন মাস্টারদের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হবে বলেও যোগ করেন তিনি।

রাজপথেই থাকবে বিএনপি : মঈন খান

0

আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথেই থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে জনগণের রাজনীতির কাছে সরকার পরাভূত হবে বলে দাবি তার।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

মঈন খান বলেন, দরিদ্রদের অর্থনৈতিক মুক্তি মেলেনি। তাই দেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যাননি।

এরপর তিনি বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করবে বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব আমরা। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না।

বিএনপির এ নেতা আরও বলেন, বর্তমান সংসদ জনগণের নয়। কালো পতাকা মিছিলের মাধ্যমে রাজপথে সরকারকে প্রত্যাখ্যান করছে জনগণ। গণতন্ত্র ফিরিয়ে আনা অবধি এই আন্দোলন চলবে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

0

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে সুপার সিক্সের আশা টিকে থাকবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

‘এ’ গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে টাইগাররা। বাংলাদেশের সমান পয়েন্টে নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আয়ারল্যান্ড। টেবিলের তলানির দল যুক্তরাষ্ট্র এখনও জয়ের দেখা পায়নি।

চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে উঠবে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা।

বাংলাদেশ একাদশ : আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), পারভেজ জীবন,রোহানাত দৌলা বর্ষণ, মারুফ মৃধা, রাফিউজ্জামান রাফি।

যুক্তরাষ্ট্র একাদশ : প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ।

১৭তম শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

0

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারছেন।

জানা গেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

এর আগে, গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।

২০২৩ সালের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কাজের মাঝেই কম্পিউটার হ্যাং?

0

ভালো সেটাপের কম্পিউটার আপনার। তারপরও কোনো কারণে হ্যাং করছে। এই সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। মূলত কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু প্রসেস হয়। আর এই প্রসেসিং করতে গিয়ে কম্পিউটার হ্যাং করতে পারে। কম্পিউটার আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে অনেক সময় এই সমস্যা একটানা হয়ে উঠতে পারে। বারবার হ্যাং করে আপনার কাজে সমস্যা হয়। এক্ষেত্রে আপনি কিছু কাজ করতে পারেন।

ধরুন ফুল স্ক্রিন অ্যাপ, যেমন গেম খেলছেন। এমন সময় যদি হ্যাং হয়ে যায়, তবে Alt + F4 কি চাপলে সামনে যে উইন্ডো আছে সেটি বন্ধ হবে। তখন অন্তত অনেকক্ষণ কম্পিউটারে তাকাতে হবে না।

কম্পিউটার ঠিকমত কাজ করছে কিনা তা নিশ্চিত করতে Ctrl + Alt + Delete কি চেপে ধরুন। আপনার স্ক্রিনের সামনে টাস্ক ম্যানেজার চলে আসবে (Task Manager)। টাস্ক ম্যানেজার আসলেই আপনি অনেক কিছু করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের অ্যাপ বন্ধ করতে পারবেন। কম্পিউটার লগ-আউট ও রিস্টার্টও করতে পারবেন। টাস্ক ম্যানেজারে কাজ না হলে রিবুট ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। Ctrl + Shift+ Esc কি চাপার মাধ্যমেও টাস্ক ম্যানেজার এ প্রবেশ করা যাবে। ম্যানুয়ালিও করা যায়। তবে কম্পিউটার হ্যাং করলে শর্টকাটই উপযুক্ত।

টাস্ক ম্যানেজার এ প্রবেশ করার পর, Process ট্যাব এ ক্লিক করুন। কলাম এর Header এ CPU অপশনটি সিলেক্ট করার মাধ্যমে যে প্রসেসটি সবচেয়ে বেশি সিপিউ পাওয়ার ব্যবহার করছে, সেটি উপরে উঠে আসবে। প্রসেসটি সিলেক্ট করে End Task অপশনটি ক্লিক করে অ্যাপ্লিকেশনটি বন্ধ করে দিন। সেক্ষেত্রে আপনি যদি ওই অ্যাপ্লিকেশনে কোনো কাজ করে থাকেন, তবে সেটি সংরক্ষিত না হয়েই চলে যাবে।

Ctrl + Alt + Delete চাপার পর যে স্ক্রিনটি আসে, সেখান থেকে Restart অপশনটি ব্যবহার করে কম্পিউটার পুনরায় চালু করতে পারেন। আবার উইন্ডোজ কি + L চেপে আপনি কম্পিউটার লক স্ক্রিনে ফেরত যেতে পারেন, যেখান থেকে আপনি কম্পিউটার রিস্টার্ট করতে পারবেন।

ওপরে উল্লিখিত কোনো উপায়ই যদি কাজ না করে তবে Windows Key + Ctrl + Shift + B চাপতে পারেন। এটি আপনার কম্পিউটারের গ্রাফিক্স ড্রাইভার রিস্টার্ট করে। যদি গ্রাফিক্স ড্রাইভারজনিত সমস্যা হয়ে থাকে, তবে এইভাবে কম্পিউটার ঠিক করা যেতে পারে। এখন পর্যন্ত উল্লিখিত কোনো উপায়েই যদি আপনার হ্যাং হওয়া কম্পিউটার ঠিক না হয়, তবে সেক্ষেত্রে হার্ড শাট ডাউন পদ্ধতিতে কম্পিউটার ঠিক করার চেষ্টা করতে পারেন।

আপনার কম্পিউটারের পাওয়ার বাটন খুঁজে বের করুন এবং সেটি ১০ সেকেন্ড চেপে ধরুন। বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করুন। আপনার কম্পিউটার যদি ব্লু স্ক্রিনে এসে আটকে থাকে, সেক্ষেত্রে এই উপায়ে হ্যাং হওয়া কম্পিউটার ঠিক করতে পারেন।  তবে এই পদ্ধতিটি তেমন সুরক্ষিত নয়। এতে আপনার ডাটা লস হতে পারে।

সূত্র: বিবুম