বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
32 C
Dhaka

দেশীয় শিল্প সুরক্ষায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি 

0
অনলাইন ডেস্ক । জনতা মেইল
অনলাইন ডেস্ক । জনতা মেইল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশীয় শিল্প সুরক্ষা ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আগামীকাল ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে আমি বাংলাদেশ কাস্টমসের সব কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অংশীজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, বিশ্বব্যাপী নানাবিধ অর্থনৈতিক সংকটের মাঝেও জাতীয় অর্থনীতির অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে গ্লোবাল সাপ্লাই চেইন সুসংহতকরণ, স্টেকহোল্ডারদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং জ্ঞান ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাংলাদেশ কাস্টমসের অবদান অনস্বীকার্য। বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাস্টমসসহ সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এ বছরের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

মো. সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথ পরিক্রমায় এরই মধ্যে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সরকারের যথাযথ রাজস্ব সংরক্ষণ, নিরাপদ বাণিজ্য নিশ্চিতকরণ এবং চোরাচালান ও অর্থপাচার প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে এ আমার প্রত্যাশা।

রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

রমজানে কিছু পণ্যে শুল্ক-কর কমাতে কাজ করছে এনবিআর

0

রমজান মাস সামনে রেখে কিছু পণ্যে আমদানি শুল্ক ও কর কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে। এর পরিপ্রেক্ষিতে এনবিআর কাজ করছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এনবিআর সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে কোন কোন পণ্যে শুল্ক কমানো হবে তা জানাননি এনবিআর চেয়ারম্যান।

এদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর কমাতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে ভোক্তা পর্যায়ে পণ্য তিনটির দাম কমবে বলে মনে করা হচ্ছে। সোমবার এ চিঠি পাঠানো হয় বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একই ধরনের চিঠি দুই মাস আগেও পাঠানো হয়েছিল।

এর আগে গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে নিত্যপণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এসব পণ্যে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়।

চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো এবং চিনিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) প্রত্যাহারের কথা বলেছে। এ ছাড়া শুল্ক-কর কমানোর অনুরোধ করা হয়েছে খেজুরের ওপর।

বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে জানিয়েছে, তুলনামূলক কম দামের খেজুরে যেন শুল্ক ছাড় দেয়া হয়।

নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ কাতার

0

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁস হওয়া মন্তব্যে ক্ষুব্ধ কাতার। বুধবার নেতানিয়াহু ইসরায়েল-হামাসের মধ্যস্থতা নিয়ে ফাঁস হওয়া মন্তব্যে সমালোচনা করেছেন বলে জানিয়েছে দেশটি।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, জিম্মি মুক্তির বিনিময়ে শত্রুতা বন্ধ করার যে চুক্তি কাতার করেছিল নেতানিয়াহুর মন্তব্যের পর তা আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হামাসের হাতে জিম্মিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, মধ্যস্থতায় কাতারের ভূমিকা ছিল ‘ত্রুটিযুক্ত’।

কাতার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। হামাসের সঙ্গে দেশটির গভীর সম্পর্ক রয়েছে। গোষ্ঠীটির কিছু নির্বাসিত নেতাকেও আশ্রয় দিয়েছে কাতার। এই প্রসঙ্গে নেতানিয়াহুর মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ধ্বংসাত্মক’ বলে ক্ষোভ জানিয়েছে দোহা।

হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য একটি সম্ভাব্য চুক্তির দিকে যাচ্ছিল উভয়পক্ষ। এরইমধ্যে জিম্মিদের পরিবাবের সঙ্গে আলোচনায় বসেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছিল সম্ভাব্য এই চুক্তির মাধ্যমে হয়তো তিন মাসব্যাপী চলা রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধ কিছুটা হলেও কমে আসতো।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি এই যুদ্ধে নিহত হয়েছে। গাজা ভূখণ্ডের বসবাসকারী ২৩ লাখ মানুষের মধ্যে ৮৫ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে এবং দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ের।

কূটনীতিক প্রচেষ্টা চালু থাকলেও গাজায় এখনও তীব্র লড়াই চলছে, বিশেষ করে দক্ষিণ গাজায়। এই অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনাতেও ইসরায়েলি ট্যাঙ্ক হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৯ জন নিহত ও ডজন ডজন আহত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। হামলার জন্য ইসরায়েলি বাহিনী দায়ী নয় বলে অস্বীকার করেছে দেশটি। পাশাপাশি এর জন্য হামসকে দায়ী করেছে তারা।

নেতানিয়াহুর ফাঁস হওয়া মন্তব্য মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল ১২-এ সম্প্রচারিত হয়েছিল। সেখানে তিনি পরিবারগুলোকেও বলেছিলেন, তিনি নিজ থেকে কাতারকে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য ধন্যবাদ দেননি। এটি হামাস গোষ্ঠীর ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

তিনি বলেছিলেন, ‘আমার মতে কাতার জাতিসংঘের থেকে আলাদা নয়। সংক্ষেপে বললে রেড ক্রস থেকে আলাদা নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে এটি আরও বেশি ত্রুটিযুক্ত।

উল্লেখ্য, ইসরায়েল জাতিসংঘের ওই সংস্থাগুলোকে সন্দেহের চোখে দেখে। এমনকী তাদেরকে পক্ষপাতদুষ্ট বলেও মনে করে ইসরায়েল।

নেতানিয়াহু ফাঁস হওয়া অডিওতে আরও বলেছেন, তিনি উপসাগরীয় রাজ্যে একটি সামরিক ঘাঁটি পুনর্নবীকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। হামাসের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি আমেরিকানদের কাতারের ওপর চাপ দিতে বলেছেন।

কাতার নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তা করেছিল যেখানে ১০০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মাজেদ আল-আনসারি এক্স-এ বলেছেন, নেতানিয়াহুর রিপোর্টে তার সরকার ‘শঙ্কিত’ কিন্তু তারা অবাক হয়নি।

আল-আনসারি বলেছেন, ‘যদি রিপোর্ট করা মন্তব্যটি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে ইসরায়েলি প্রধানমন্ত্রী শুধু মধ্যস্থতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন এবং অবমূল্যায়ন করবেন, যে কারণে ইসরায়েলি জিম্মিসহ নিরপরাধ জীবন বাঁচাতে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে তার রাজনৈতিক ক্যারিয়ার পরিবেশন করা বলে মনে হচ্ছে।’

দেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’

0

ভারতসহ বিভিন্ন দেশে আজ ২৫ জানুয়ারি ‘ফাইটার’ মুক্তি পেলেও বাংলাদেশে চলছে না। শোনা গিয়েছিল একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে হৃতিক রোশনের ছবি ‘ফাইটার’। জানা গিয়েছিল এদিন বিকেলে সেন্সর বোর্ডে দেখানো হবে ছবিটি। তারপর নেয়া হবে সিদ্ধান্ত। এবার জানা গেল, বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’।

জানা গেছে, ভাষার মাসে বিদেশি ছবি চালানোর পক্ষে না সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। বিষয়টি নিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশান কাট’ এর কর্ণধার অনন্য মামুন বরাবর একটি চিঠিও প্রদান করেছে তারা। সেখানে মামুনের সহায়তা চাওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, “আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘ফাইটার’ আমদানি করে আগামি ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গিকার করে একটি অঙ্গিকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেয়ার বিশেষ অনুরোধ করছি।”

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মামুন বলেন, ,“বাংলাদেশে ‘ফাইটার’ আমরা রিলিজ করব না। কারণ ইন্ডিয়ান প্রযোজক ৬ দিনের জন্য সিনেমা রিলিজ করবে না।”

ফাইটার প্রযোজনা করেছে ভায়াকম১৮ মোশন পিকচার্স। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় প্রমুখ।

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন অভিনেত্রী

0

২০২৩ সালের জুলাই মাসে বিচ্ছেদ হয়েছিল মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা ও অভিনেতা জো ম্যাঙ্গানিলোর। দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই দম্পতি। সে সময় সোফিয়া-ম্যাঙ্গানিলোর কেউ তাদের বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখা করেননি।

তবে সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকার দিয়েছেন সোফিয়া। যেখানে বিবাহ বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সোফিয়া ভারগারা বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনো কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।’

১৯৯১ সালে জো গঞ্জালেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ওই সময়ে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হননি তিনি। ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার প্রথম বিয়ে। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

এ সন্তানের কথা উল্লেখ করে সোফিয়া ভারগারা বলেন, ‘১৯ বছর বয়সে আমি মা হয়েছি, আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।’

ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান সোফিয়া। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব; আমাকে এটাই করতে হবে।’

একযোগে জাতীয় পার্টির কয়েকশ নেতাকর্মীর পদত্যাগ

0

জাতীয় পার্টিতে (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ছয় শতাধিক নেতাকর্মী। একই সঙ্গে নতুন করেইঙ্গিত দেয়া হয়েছে জাতীয় পার্টি ব্রাকেটবন্দি করার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

অনুষ্ঠান শুরুর আগে একে একে স্বাক্ষর করে পদত্যাগ করছেন তারা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। এতে আরও যোগ দেন বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ হিয়া চৌধুরী, রিসার্চ অ্যাণ্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠন বলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন পূর্বাপর জাতীয় পার্টির পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। জাতীয় পার্টিতে বর্তমানে যিনি চেয়ারম্যান পদে অধষ্ঠিত আছেন-সেই জিএম কাদের এক বছর আগে থেকেই বলে আসছেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। একইভাবে তিনি বক্তৃতা বিবৃতি এবং মিডিয়ায় কথা বলে এসেছেন। সরকারের বিরুদ্ধে গরম গরম কথা বলে নিজেকে বিরোধী নেতা হিসেবে জাহির করার চেষ্টাও করেছেন। আমরাও তার প্রতি আস্থাশীল হয়ে উঠেছিলাম। কিন্তু নির্বাচনের আগে আমরা বুঝতে পারলাম তিনি গোপনে সরকারের সাথে আঁতাত করে নিজের স্বার্থরক্ষার চেষ্টা করে যাচ্ছেন। শেষ পর্যন্ত পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব ৩০০ আসন থেকে প্রার্থী মনোনীত করার পর মাত্র ২৬টি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাবার বিনিময়ে গোটা পার্টিকেই বিক্রি করে দিয়েছেন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। আর সমঝোতা করে চেয়ারম্যান ও মহাসচিবসহ মাত্র ১১ জন প্রার্থী নির্বাচনে এমপি হয়ে এসেছেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির নিবেদিত প্রাণ নেতাকর্মী ও সমর্থকরা চেয়ারম্যান এবং মহাসচিবের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানান পার্টির তৃণমূল পর্যায় থেকে পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবার জন্য চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগের দাবি ওঠে। পার্টির এই দুরবস্থার মধ্যেও চেয়ারম্যান সেচ্ছাচারিতার নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে পার্টির নিবেদিত প্রাণ নেতাদের একের পর এক অব্যাহতি দিয়ে চলেছেন। তিনি পল্লীবন্ধু এরশাদের নাম নিশানা মুছে দেওয়ার হীন চক্রান্ত করে যাচ্ছেন। চেয়ারম্যান জিএম কাদের পার্টির নেতাকর্মীদের প্রতিবাদের ভাষা বুঝতে না পেরে প্রতিহিংসাবশত পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু এবং ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীকে পার্টি থেকে অব্যাহতি দিয়েছেন। এছাড়াও কয়েকজন নেতাকে মৌখিকভাবে অব্যাহতির কথা জানিয়ে দিয়েছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, আপনারা জানেন বিগত সময়ে সারাদেশে করোনা মহামারির সময় আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্ব ঢাকা মহানগরের ২৫টি থানা ও ৫৪টি ওয়ার্ড সম্মেলন সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। আর সেই ত্যাগি নেতাকে কোনো রকম কারণ দর্শানো নোটিশ প্রদান না করে সরাসরি অব্যাহতি দিয়েছেন। যাহা শিষ্টাচার বহির্ভূত। এই অবস্থায় আমরা এরশাদ প্রেমিক নেতাকর্মীরা জিএম কাদেরের নেতৃত্বাধীন তার বিপর্যন্ত সংগঠনে অবস্থান করে প্রাণপ্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ধ্বংস দেখতে চাই না। তাই আমরা জিএম কাদেরের সংগঠন থেকে আজ গণপদত্যাগের ঘোষণা করছি। একই সাথে আপনাদের কাছে এই অঙ্গীকারও করে রাখছি-অল্প সময়ের ব্যবধানে আমরা পল্লীবন্ধু-এরশাদের চেতনা প্রেরণা ও নীতি আর্দশ বাস্থবায়নের জন্য ঐক্যবদ্ধ থাকবো। সত্যের পথে আমাদের বিজয় সু-নিশ্চিত। ইনশাআল্লাহ!

পদত্যাগের হিড়িক পড়েছে নেতাকর্মীদের

0
অনলাইন ডেস্ক । জনতা মেইল
অনলাইন ডেস্ক । জনতা মেইল

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

নির্বাচনের পর দলের চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনে প্রার্থীদের সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগ এনে সেন্টুসহ জাপার পরাজিত প্রার্থী বিশেষ বৈঠক ডেকে বক্তব্য দেন।

এরপরই সেন্টুকে দল থেকে বহিষ্কার করে উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জি এম কাদের। ইতোমধ্যে উত্তরের নতুন আহ্বায়ক কমিটিও দেওয়া হয়েছে। এর জেরে ৬৭১ জন নেতা দল থেকে পদত্যাগ করলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে তৃতীয়বারের মতো ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনের পর দলটির নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীদের অভিযোগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৫ আসনে প্রার্থী দিলেও প্রায় ২৩০ জন দলীয় প্রার্থীই নির্বাচনী প্রচারণায় খুব একটা সক্রিয় ছিলেন না।

 

ভালুকায় ৮০ বোতল ফেনসিডিলসহ আটক একজন

0
আশিকুর রহমান শ্রাবন
আশিকুর রহমান শ্রাবন

বুধবার ২৪ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এস আই সামিউল, এসআই খোন্দকার আল রাজী, এএসআই তানভীর হাসানের নেতৃত্বে একদল পুলিশ হবিরবাড়ি এলাকার মৃত নূরু মিয়ার বাড়ি থেকে ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে।

এ সময় ফরহাদ নামে আরও একজন পালিয়ে যায়। আটক রাব্বি ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, আগামী রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান মনোনয়নবঞ্চিতরা। পরে ভোটের মাঠে নৌকাকে হারিয়ে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ীও হন। এর মধ্যে প্রায় ৬০ জন আওয়ামী লীগের। অনেকে দলীয় পদেও রয়েছেন।

আলোচনা আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী জোট হতে পারে স্বতন্ত্র এমপিদের নিয়েই। কারণ দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি। সে সংখ্যাটি মাত্র ১১টি। যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতীয় পার্টিই হচ্ছে দ্বাদশ সংসদের বিরোধী দল। জাতীয় পার্টিও বিরোধী দলীয় নেতা এবং উপনেতা নির্বাচন করে সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু হচ্ছে। তখনই পরিষ্কার হবে কে বসছে বিরোধী দলের আসনে।

এদিকে জাতীয় নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দেয়ায় আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ বেড়েছে। কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকারের কোনো নির্বাচনেই দলীয় প্রতীক নৌকা না রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

দলের তৃণমূলে যে কোন্দল ও বিভক্তি তৈরি হয়েছে, সেটি মেটাতে বিভাগীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। সারাদেশে আওয়ামী লীগের আটটি বিভাগীয় কমিটি রয়েছে। মূলত এসব কমিটির মাধ্যমেই তৃণমূলের বিরোধ মেটানোর পরিকল্পনা করেছে দলটি।

গত সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাশেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী- সব মিলিয়ে সেখানে কিছু কিছু মান অভিমান, অন্তর্কলহ ছিল, যার রেশ এখনো শেষ হয়নি কিছু কিছু জায়গায়। তো সে অবস্থায় সব বিভাগীয় কমিটিকে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন যে, বিভিন্ন জেলার যে যে অভ্যন্তরীণ সমস্যাগুলো, এগুলো সংশিষ্ট সকলকে ঢাকায় ডেকে এনে এর সমাধান খুঁজে বের করা হবে এবং সিদ্ধান্ত দেওয়া হবে।

স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী তৃণমূলের বিভেদ কমানোর বার্তা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গলা ব্যথা ও খুসখুসে কাশির সমাধান 

0

সারাদেশে কয়েকদিন ধরেই প্রচণ্ড শীত। সাথে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। এতে ঠাণ্ডাজনিত রোগ ব্যাপকভাবে বেড়েছে। অনেকেই এখন ভুগছেন সর্দি-কাশিসহ গলা ব্যথায়। তীব্র শীতে জীবাণু অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। যা গলা ব্যথা, গলা খুসখুসের মতো সমস্যা তৈরি করতে পারে।

অনেকেই গলা ব্যথার সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিঅ্যালার্জিক ওষুধ সেবন করেন। তবে তার আগে ঘরোয়া কয়েকটি উপায়ে ভরসা রাখতে পারেন। চলুন জেনে নিন কিছু করণীয়:

আদা 
গলা ব্যথার সমস্যায় আদা খুবই উপকারী। আদায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট দ্রুত সারায় গলার যে কোনও সমস্যা। একটি এক-দেড় ইঞ্চি আদার টুকরা নিন। একটু ছেঁচে, অল্প আঁচে এক গ্লাস পানিতে সেদ্ধ করুন। ৫-১০ মিনিট ফুটিয়ে নিন। গরম গরম চুমুক দিয়ে খান। চাইলে নামানোর আগে একটু চা–পাতা দিয়ে ছেঁকে নিতে পারেন। মধু মিশিয়ে বানিয়ে নিন আদা চা। এছাড়া চায়ে থাকে নানা উপকারী উপাদান। যা বহু সমস্যার করতে পারে সমাধান।

লবণ পানি
গলা ব্যথা বা গলা খুসখুসের সমস্যা সমাধানে লবণ পানি খুবই কার্যকরী। এক গ্লাস পানি গরম করে তাতে আধা চামচ লবণ মেশান। তারপর এক চুমুক পানি মুখে নিন, আর গার্গল করুন অন্তত ১০ সেকেন্ড সময় ধরে। দিনে ২-৩ বার গার্গল করুন। দেখবেন দু-এক দিনের মধ্যেই গলা খুসখুস কমে গেছে।

হলুদ-দুধ
হলুদ দুধের স্বাস্থ্য উপকারিতা অনেক। হলুদে রয়েছে কারকিউমিন নামের একটি পদার্থ। এটি আশ্চর্যজনকভাবে ক্ষত, ব্যথা সারিয়ে তুলতে পারে। তাই গলা ব্যথা ও গলা খুসখুসে ভাব দূর করে হলুদ। এক্ষেত্রে গরম দুধের সঙ্গে সামান্য কাঁচা হলুদ খেতে পারেন। হলুদ-দুধ তাই এক কার্যকরী ঘরোয়া টোটকা। একটি পাত্রে এক কাপ দুধ নিন। ১/৪ চামচ হলুদ গুঁড়া যোগ করুন। ফুটিয়ে গরম গরম পান করুন। হলুদের কার্যকারিতা আরও ভালোভাবে পেতে কাঁচা হলুদ ফুটিয়ে নিন দুধে। একটু মিষ্টি স্বাদ আনতে মধু বা গুঁড় মিশিয়ে পান করুন।