Monday, November 23, 2026
Monday, November 23, 2026
27 C
Dhaka
Homeখেলাভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক যেন থামছেই না

ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক যেন থামছেই না

প্রকাশ: September 29, 2025 1:15

ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান পাকিস্তানের শাহিন, হ্যারিসের! এশিয়া কাপ ফাইনালের আগে কী করলেন দুই পাক ক্রিকেটার

এশিয়া কাপের ফাইনালেও বিতর্ক বেড়ে চলেছে। ভারতের জাতীয় সঙ্গীতের সময় পাকিস্তানের দুই ক্রিকেটারকে খোশগল্প করতে দেখা গিয়েছে। তাঁদের সমালোচনা শুরু হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক থামার নাম নেই। এশিয়া কাপের ফাইনালেও তা বেড়ে চলেছে। ভারতের জাতীয় সঙ্গীতের সময় পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদিকে খোশগল্প করতে দেখা গিয়েছে। তাঁদের সমালোচনা শুরু হয়েছে।

প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের ক্রিকেটারেরা জাতীয় সঙ্গীত গান। এশিয়া কাপের ফাইনালে প্রথমে জাতীয় সঙ্গীত হয় পাকিস্তানের। আয়োজক দেশ হিসাবে পরে ভারতের জাতীয় সঙ্গীত হয়। ভারতের জাতীয় সঙ্গীতের সময় দেখা যায়, হ্যারিস ও শাহিন হাসিমুখে গল্প করছেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ দেশের জাতীয় সঙ্গীতের সময়ও সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে হয় ক্রিকেটারদের। নিজেদের মধ্যে গল্প বা অন্য কিছু করতে পারেন না তাঁরা। সেটাই করতে দেখা যায় শাহিন ও হ্যারিসকে। এই ঘটনার পর ভারতীয় সমর্থকেরা সমালোচনা শুরু করেছেন। তাঁদের দাবি, পাকিস্তানের দুই ক্রিকেটার ভারতের জাতীয় সঙ্গীতের অসম্মান করেছেন। পাকিস্তানের ক্রিকেটারদের শাস্তির দাবিও তুলেছেন তাঁরা।

ফাইনালের আগেও বিতর্ক চলেছে। শনিবার ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ফটোশুট হওয়ার কথা ছিল। সেখানে সূর্যকুমার আসতে রাজি হননি। রবিবারও তিনি আসেননি। ফলে ট্রফির সঙ্গে একাই ছবি তোলেন সলমন। আগের দু’বারের মতো এ দিনও পাক অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি সূর্য।

ছবি না তোলা প্রসঙ্গে শনিবার সাংবাদিক বৈঠকে সলমন বলেছিলেন, “ওদের যা ইচ্ছা ওরা করতে পারে। আমরা নিয়ম মেনেই চলব। বাকিটা ওদের উপর নির্ভর করছে। ওরা চাইলে আসতে পারে। না আসতে চাইলে আমাদের কিছু করার নেই।”

পাকিস্তানও এ দিন পাল্টা দিতে ছাড়েনি। তারা বয়কট করেছে শাস্ত্রীকে। আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভবত প্রথম বার টসের সময় দুই আলাদা সঞ্চালক দুই অধিনায়কের সঙ্গে কথা বললেন।

বাড়ছে বিতর্ক, উত্তেজনা! ভারত-পাকিস্তান ফাইনালের আগে অর্শদীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাক বোর্ডের

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ফাইনালের দিন টসের সময় সঞ্চালক হিসাবে শাস্ত্রীকেই বেছে নিয়েছিল আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তিনি আগের দু’টি ভারত-পাকিস্তান ম্যাচেও সঞ্চালনা করেছিলেন। এ দিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচের আগে এসিসি-কে অনুরোধ করে নিরপেক্ষ সঞ্চালক দেওয়ার জন্য।

এসিসি সে কথা জানায় ভারতীয় বোর্ডকে। ভারতীয় বোর্ড কোনও ভাবেই শাস্ত্রীকে বদলাতে রাজি হয়নি। নিরুপায় হয়ে আয়োজকেরা ঠিক করেন, সলমন কথা বলবেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিসের সঙ্গে। সূর্য কথা বলবেন শাস্ত্রীর সঙ্গে।

ফটোশুট বিতর্কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, এসিসি-র তরফে টসের আগে ফটোশুটের ব্যাপারে তাঁদের কিছু জানানোই হয়নি। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও দু’দেশের অধিনায়ক কোনও ফটোশুট করেননি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর