বুধবার, জুন ২৪, ২০২৬
বুধবার, জুন ২৪, ২০২৬
27.4 C
Dhaka

অজ্ঞাত যানবাহনের ধাক্কায় না ফেরার দেশে আব্দুল হাই

0
কুর্মিটোলা থেকে ঢামেকে, তবুও বাঁচানো গেল না আব্দুল হাইকে
কুর্মিটোলা থেকে ঢামেকে, তবুও বাঁচানো গেল না আব্দুল হাইকে

শুক্রবার (৫ জুন) রাতে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এপিবিএন কার্যালয়-সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় কোনো একটি দ্রুতগতির যানবাহন আব্দুল হাইকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের শ্যালক মো. রাসেল জানান, আব্দুল হাইয়ের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উত্তর নওপাড়া গ্রামে। কর্মসূত্রে তিনি রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য বিমানবন্দর থানাকে অবহিত করা হয়েছে।

তপুর জোড়া গোলে ঐতিহাসিক জয় পেল ইউরোপের মাটিতে

0
তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

শুক্রবার (৫ জুন) ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশকে আতিথেয়তা দেয় সান মারিনো। স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে তপুর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়। সান মারিনোর পক্ষে একমাত্র গোলটি শোধ দেন নিকোলাস জাকোপেত্তি।

এদিকে এই ম্যাচ দিয়েই বাংলাদেশের ডাগআউটে নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক হলো জার্মান থমাস ডুলিরের। শুরুর একাদশে তিনি সমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদদের বসিয়ে রাখলেও বিরতির পর একাদশে একাধিক পরিবর্তন আনেন। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়লেন এই জার্মান মাস্টারমাইন্ড।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শানায় বাংলাদেশ, তবে বক্সে অধিনায়ক জামাল ভূঁইয়ার শট আটকে যায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধায়। এর দুই মিনিট পরই আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। ১৯ মিনিটে এক গোছালো আক্রমণে ডান দিক থেকে মোরছালিনের চমৎকার ক্রসে মাথা ছুঁইয়ে তপু বর্মণ হেড করলে লিড নেয় বাংলাদেশ।

তবে ৩১ মিনিটে ম্যাচে সমতায় ফেরে সান মারিনো। ডান দিক দিয়ে বেরার্দি বক্সে ঢুকে তপুকে কাটিয়ে কাটব্যাক দেন। বক্সে বাংলাদেশের তিনজন ডিফেন্ডার উপস্থিত থাকলেও কেউ বল ক্লিয়ার করতে পারেননি। সেই সুযোগে নিখুঁত লক্ষ্যভেদে স্বাগতিকদের সমতায় ফেরান নিকোলাস জাকোপেত্তি। ৩৮ মিনিটে সাদ উদ্দিনের সামনে শুধু গোলকিপার থাকলেও তিনি বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারলে লিড নেওয়া হয়নি বাংলাদেশের।

বিরতির পর জামালের সঙ্গে মোরছালিনকে তুলে নেন কোচ ডুলি। মাঠে নামানো হয় সমিত সোম ও জায়ান আহমেদকে। এ ছাড়া ইসা ফয়সালের পরিবর্তে মাঠে নামেন জায়ান। ৪৮ মিনিটে রফিকুলের ক্রস থেকে গোলমুখের সামনে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন সোহেল রানা। এ সময় দারুণ পাসিং ফুটবলের প্রদর্শনী দেখায় বাংলাদেশ। ৫৩ মিনিটে সাদের ক্রসে ফাহিম লাফিয়ে উঠে শট নিলেও তা লক্ষ্যে ছিল না। ৮ মিনিট পর কাপিচ্ছিয়োনির দারুণ এক ফ্রি কিক কর্নারের বিনিময়ে ক্লিয়ার করে দলকে রক্ষা করেন বাংলাদেশের গোলকিপার মিতুল।

খানিক পর ফাহিম ও রফিকুলকে উঠিয়ে বিশ্বনাথ ঘোষ ও ফাহিমেদুল ইসলামকে মাঠে নামান ডুলি। মাঠে নামার খানিক পরই ভালো সুযোগ পেয়েছিলেন ডিফেন্ডার বিশ্বনাথ, কিন্তু সামনে কেবল প্রতিপক্ষের গোলকিপার থাকলেও তিনি শট লক্ষ্যে রাখতে পারেননি। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলের সম্মতিতে বেশি খেলোয়াড় পরিবর্তনের সুযোগ ছিল। খেলার ৭৬ মিনিটে সোহেল রানা সিনিয়রকে তুলে কাজেম শাহ কিরমানিকে মাঠে নামানো হয়।

ম্যাচের অন্তিম মুহূর্তে, ৮৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বক্সের একটু সামনে থেকে হামজার নেওয়া ফ্রি কিকে কেউ পা ছোঁয়াতে না পারলে বিশ্বনাথের সাইড ভলি থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তপু বর্মণ। গোলের পর জার্সি খুলে বুনো উল্লাসে ফেটে পড়েন এই অভিজ্ঞ ডিফেন্ডার। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশি দর্শকরাও মেতে ওঠেন ঐতিহাসিক জয়ের আনন্দে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

বিজিবি গত ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে

0
২৪ ঘণ্টায় আরও ৮টি পুশইন প্রতিহত
২৪ ঘণ্টায় আরও ৮টি পুশইন প্রতিহত

শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়।

এদিকে লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। দুর্গাপুর সীমান্তের ওই ব্যক্তিরা বর্তমানে ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানোর ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জানায় বিজিবি।

অন্যদিকে নেত্রকোনার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে আগে থেকে জড়ো করে রাখা ১৬-১৭ জন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে তথ্য পেয়েছে বাহিনীটি। এ এলাকাতেও নজরদারি জোরদার রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৬ বাংলাদেশি শান্তিরক্ষী পেলেন মরণোত্তর জাতিসংঘ পদক 

0
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই বীরদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ছয় শান্তিরক্ষী হলেন, করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে নিহত প্রায় ৪ হাজার ৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারের বেশি শান্তিরক্ষীর অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন তিনি।

চলতি বছর ৩৩টি সদস্যরাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠান শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল শোক বইতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, দাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রবর্তিত একটি মরণোত্তর অনন্য সম্মাননা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে বিশ্বশান্তি রক্ষায় নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অনন্য অবদান ও মহান আত্মত্যাগের চূড়ান্ত স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পদক দেওয়া হয়।

দ্বিতীয় সন্তানের মা হলেন চিত্রনায়িকা বুবলী

0
ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী
ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

বুবলী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

বুবলী তার পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন। ছবি অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। আর পোস্টটি চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন তিনি।

এদিকে বুবলী কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করতেই তাকে শুভ কামনা ও অভিনন্দন জানাচ্ছেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। অভিনেত্রী নিজেই শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানিয়েছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন এই নায়িকা। স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।”

এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম তারিখ।

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ায় কমতে পারে তাপমাত্রা

0
আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৬ জুন) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৭ জুন) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৮ জুন) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৯ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, যা চলমান গরমের তীব্রতা কিছুটা কমাতে সহায়ক হবে।

আর্জেন্টিনার কি বিশ্বকাপ জেতা হবে না

0
তাহলে কি বিশ্বকাপ জেতা হবে না আর্জেন্টিনার?
তাহলে কি বিশ্বকাপ জেতা হবে না আর্জেন্টিনার?

বিশ্বমঞ্চে মাঠে নামার আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা। আবারও বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থানের মুকুট ফিরে পেয়েছে আলবিসেলেস্তেরা। সংবাদটি যেমন আর্জেন্টাইন ভক্তদের জন্য আনন্দের। তেমনি অতীত পরিসংখ্যান অনুযায়ী শঙ্কারও।

তবে খুশির খবরের আড়ালেই লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাসের ‘অভিশাপ’। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে আজ পর্যন্ত কোনো বিশ্বকাপেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল শিরোপা জিততে পারেনি। ইতিহাস বলছে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপে যাওয়া দলগুলো বারবার মুখ থুবড়ে পড়েছে।

পরিসংখ্যান বলছে, ১৯৯৪ বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল জার্মানি। কিন্তু সেবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। পরের বিশ্বকাপে শীর্ষস্থানে থাকা ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেও হেরে যায় ফ্রান্সের কাছে।

এরপর ২০০২ বিশ্বকাপ শুরুর আগে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিল ফ্রান্স। সেই বিশ্বকাপে তারা গ্রুপ পর্বের বৈতরণীও পার হতে পারেনি। ২০০৬ বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।

শীর্ষে থেকেই ২০১০ বিশ্বকাপেও মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেবারও শিরোপা জেতা হয়নি তাদের। ২০১৪ সালে একই ভাগ্য বরণ করে স্পেন। এরপর র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে ২০১৮ বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি।

এরপর র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই ২০২২ সালের কাতার বিশ্বকাপ খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু তাদের বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।

আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটিকে নিয়ে প্রত্যাশা এখন আকাশচুম্বী। তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান কি তাহলে এবারের বিশ্বকাপের পথচলায় কোনো বাধা হয়ে দাঁড়াবে? ইতিহাস বারবার যে ‘অভিশপ্ত’ বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছে, তা কি মেসিরা ভাঙতে পারবেন? সব প্রশ্নের উত্তর এখন সময়ের হাতেই।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পরিদর্শন করলেন বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প

0
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বিকেল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‌্যাব-১৫সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তার সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সফরে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আদ্‌-দ্বীন হাসপাতাল সন্তোষজনক জবাব দিতে না পারলে বাতিল হতে পারে লাইসেন্স

0
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালকের সইয়ে পাঠানো ওই শোকজ নোটিশে বলা হয়, ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ১১(১) ধারা অনুযায়ী গত ১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছিল।

এতে বলা হয়, তদন্তকালে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্বরত নার্স, আয়া, রোগী, রোগীর অ্যাটেনডেন্ট এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে। এতে কমিটির কাছে প্রতীয়মান হয় যে, হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর বিধানগুলো যথাযথভাবে পালিত না হওয়ায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায় নিরূপণ করেছে।

শোকজ নোটিশে আরও বলা হয়, আদ্‌-দ্বীন হাসপাতালটি দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় ধারা অনুযায়ী কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তার যৌক্তিক কারণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় শোকজের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩ দিনের মধ্যে শোকজের জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ল মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে

0
মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ‘সতর্কতামূলক’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ‘সতর্কতামূলক’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আজ শুক্রবার (৫ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছ। খবর বার্তা সংস্থা এএফপির।

ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রচারিত একটি বিবৃতি অনুযায়ী, ইরানি বাহিনীর সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দুটি ডেস্ট্রয়ার ওমান উপসাগর ছেড়ে চলে যায়।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযানটি ছিল যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী’ নৌবাহিনী কর্তৃক সামুদ্রিক অসদাচরণ ও হয়রানিসহ বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার ‘হাইজ্যাক’ করার একটি প্রতিক্রিয়া।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ধরনের কোনো ঘটনা ঘটার কথা অস্বীকার করেছে। তারা জানায়, ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে কোনো আক্রমণ বা গুলি করেনি। এমনটা করা হলে তা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হতো।

সেন্টকম আরও বলেছে যে, তাদের বাহিনী আঞ্চলিক জলসীমায় অবাধে কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন পাল্টা-অবরোধ কার্যকর করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে নিশানা করে হামলা চালানোর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর, গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এই যুদ্ধবিরতি মূলত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের মধ্যকার শত্রুতা অনেকাংশে থামিয়ে রেখেছিল; তবে সাম্প্রতিক এই ঘটনাটি সেই যুদ্ধবিরতিকে ঝাঁকুনি দেওয়ার মতো সর্বশেষতম পর্ব।

সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আর কোনো ধারাবাহিক হামলা চালাচ্ছে না, কারণ ইরানের ওপর মার্কিন হামলা ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়ে গেছে।

রুবিও আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিমানবাহিনীর যা কিছু অবশিষ্ট ছিল তা ধ্বংস করার পাশাপাশি তাদের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে, যা উপসাগরীয় অঞ্চলকে ভারত মহাসাগরের সাথে সংযুক্তকারী একটি কৌশলগত জলপথ। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানি বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপ করে। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ বা চোকপয়েন্ট দিয়ে পরিবাহিত হতো।